ইন্ডিয়ান অয়েল কাপে ভারতেকে হারিয়ে শ্রীলংকার শুভসূচনা
নিজেদের মাঠে শ্রীলংকানরা যে অপ্রতিরোধ্য, ডাম্বুলাতে ইন্ডিয়ান কাপ ওয়ানডে সিরিজের উদ্বোধনী ম্যাচে শনিবার ভারতকে তিন উইকেটে হারিয়ে তা আবারও প্রমান করল তারা।
ভারতের নয় উইকেটে ২০৫ রানের জবাবে শ্রীলংকা সাত উইকেট খুইয়ে ২০৯ রান করে জয় তুলে নেয়।
কোন ব্যক্তিগত নৈপুন্য নয় সম্পূর্ন দলীয়ভাবে জয় ছিনিয়ে নেয় শ্রীলংকা। তবে এর মধ্যেই মিডল অর্ডারে জয়সুরিয়ার অপারিজত ৪৩ রান উল্লেখযোগ্য। তাছাড়া সব ব্যাটসম্যানই কমবেশি রান করে দলের জয়ে সম্মিলিতভাবে অংশ নেন।
ভারতের বোলারদের মধ্যে ইরফান পাঠান, জহির খান ও হরভজন সিং দু’টি করে উইকেট তুলে নিলেও স্বাগতিকদের জয় রোধ করতে পারেন নি।
এর আগে শ্রীলংকান বোলারদের সুনিয়ন্ত্রিত বোলিংয়ের মুখে ভারত নয় উইকেট হারিয়ে ২০৫ রান তুলতে সক্ষম হয়।
আর শ্রীলংকানদের এই ভারতীয় ব্যাটসম্যান বধে সামনে থেকে নেতৃত্ব দেন স্পিনার মুত্তিয়া মুরলিধরন। ৩৩ রানে তিনটি উইকেট নিয়েই দলের সেরা বোলার মুরলি। অবশ্য বোলিংয়ের নেতৃত্ব নিজের হাতে তুলে নেয়া ছাড়া মুরলির আর কোন উপায় ছিল না। যার নেতৃত্ব দেয়ার কথা সেই ফাস্ট বোলার চামিন্দা ভাস ইনজুরিতে পড়ে মাঠের বাইরে।
সবচেয়ে বড় কথা সতীর্থ বোলারদের কাছ থেকে ভালো সাপোর্টও পেয়েছেন মুরলি। বিশেষ করে অভিষিক্ত পেসার দিলহারা লোকুহেটিজ ৩১ রানে দুই উইকেট নিয়ে লিডারকে যোগ্য সহযোগিতা করে গেছেন।
সকালে টসে জিতে ভারতীয় কাপ্তান রাহুল দ্রাবিড় চোখকান বুজে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন। কিন্তু ভারপ্রাপ্ত অধিনায়কের সিদ্ধান্তকে বুল প্রমানিত করে মাত্র ২২ রানেই প্যাভিলিয়নে ফেরেন দুই ওপেনার বীরেন্দ্র শেওয়াগ ও মহেন্দ্র ধোনী।
এরপর নবাগত ভারতীয় ব্যাটসম্যান ভেনুগোপাল রাওকে সাথে নিয়ে কিছুটা হলেও ঝড় সামাল দেয়ার চেষ্টা করেন অধিনায়ক দ্রাবিড়। দ্রাবিড় ৯৬ বলে ছয়টি চারের সহায়তায় ৫৪ রানের ধৈর্য্যশীল ইনিংস খেলেন। আর শম্বুকগতিতে খেলে ৭৪ বলে ৩৮ রান করেন রাও।এছাড়া ভারতের বিশ্বমানের ব্যাটসম্যানরা কেউই তাদের নামের প্রতি সুবিচার করতে পারেন নি। বরং শেষ দিকে দুই বোলার ইরফান পাঠান ২১ আর হরভজন সিং অপরাজিত ২০ রান করলে দুইশ’ রানের কোটা পারোতে সক্ষম হয় ভারত।
সংক্ষিপ্ত স্কোর:
ভারত-২০৫/৯, ৫০ ওভার (দ্রাবিড় ৫৪, রাও ৩৮, ইরফান পাঠান ২১, হরভজন অপরাজিত ২০, মুরলিধরন ৩/৩৩, দিলহারা ২/৩১)।
শ্রীলংকা-২০৯/৭, ৪৮ দশমিক ২ ওভার (জয়সুরিয়া ৪৩, আতাপাত্তু ২৯, দিলহারা ২১, মাহরুফ ২৩, পাঠান ২/৪৩, খান ২/৩২, হরভজন ২/৪৪)।
ফলাফল: শ্রীলংকা তিন উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: জয়সুরিয়া।
