২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিন ম্যাচ পর জয়ের দেখা পেল আবাহনী

প্রিমিয়ার ব্যাংক প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগে শনিবার শেখ রাসেল ক্রীড়া চক্রের বিরুদ্ধে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ২-১ গোলে জয়ী হয়েই মাঠ ছাড়তে সক্ষম হয়েছে আবাহনী লিমিটেড।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2005, 08:59 PM

Updated : 26 Apr 2022, 05:56 PM

আর ম্যাচের শেষ মুহূর্তে মাত্র দশ মিনিটের মধ্যে পরপর দুই গোল করে আবাহনীকে জয় পাইয়ে দেন স্ট্রাইকার শাহাজউদ্দিন টিপু।

শিরোপা লড়াই থেকে ছিটকে পড়া এবং জয়ের স্বাদ প্রায় ভুলতে বসা আবাহনী হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ পর্যন্ত তিন ম্যাচ পর জয়ের দেখা পেল। ১১ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার চতুর্থ স্থানে উঠে গেছে তারা। অন্যদিকে গতবারের রানার্স আপ শেখ রাসেল সমানসংখ্যক ম্যাচে ১৫ পয়েন্ট সংগ্রহ করে ষষ্ঠ স্থানে অবস্থান করছে।

যার হাত ধরে আবাহনী জয় পেয়েছে সেই টিপুই ম্যাচের ভিলেন হিসেবে পরিনত হতে যাচ্ছিলেন। সবাইকে অবাক করে দিয়ে ম্যাচ শেষে টিপুই হিরো।

১৯ মিনিটে বুলবুুলের গোলে শেখ রাসেল এগিয়ে যাওয়ার আগে একাধিক গোলের সুযোগ নষ্ট করেন টিপু। কিন্তু ৮০ মিনিটে সমতাসূচক গোল এবং ইনজুরি সময়ে জয়সূচক গোল করে দলকে জয় এনে দেন টিপু।

১৯ মিনিটে নয়ন ও বুলবুল কম্বিনেশনে গোল পায় শেখ রাসেল। মিডফিল্ডার নয়নের বাড়িয়ে দেয়া লম্বা ক্রসে বক্সের ভিতর থেকে আলতো টোকায় বল জালে জড়ান বুলবুল। সাথে সাথেই আরেকটি হারের আশংকা চেপে বসে আবাহনী শিবিরে।

সমতাসূচক গোলের জন্য আবাহনীকে ৮০ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়। আবাহনীর উজ্জ্বল শেখ রাসেলের বক্সের কিছুটা বাইরে থেকে যে সেন্টার করেন গোলরক্ষক এবং ডিফেন্ডাররা তা ক্লিয়ার করতে গিয়ে তালগোল পাকিয়ে ফেলেন। আর তাদের ভুলেই অনেকটা লেজেগোবরে অবস্থার মধ্য থেকে গোল করে দলকে ম্যাচে ফিরিয়ে আনেন টিপু।

ইনজুরি সময়ে আবাহনীর জয়সূচক গোলটিও আসে শেখ রাসেলের গোলরক্ষক আর ডিফেন্ডারদের ভুলে। এবারও উজ্জ্বল শেখ রাসেলের গোলমুখে বল উড়িয়ে দেন। বল গিয়ে পড়ে শেখ রাসেলের আগুয়ান গোলরক্ষক আপেলের সামনে, সুযোগ সন্ধানী টিপু বলকে তার নির্দিষ্ট গন্তব্যে পাঠাতে ভুল করেন নি।