২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রিমিয়ার ফুটবলে ব্রাদার্সের অষ্টম জয়

চলতি প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগে অষ্টম জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ব্রাদার্স ইউনিয়ন। বৃহস্পতিবার লিগের ফিরতি পর্বে ব্রাদার্স ৩-০ গোলে ইয়ংমেন্স ক্লাব ফকিরেরপুলকে হারিয়ে পূর্ন পয়েন্ট নিয়ে ঘরে ফিরেছে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2005, 08:42 PM

Updated : 26 Apr 2022, 05:55 PM

এই জয়ের সুবাদে ১১ ম্যাচে তাদের সংগ্রহ দাঁড়ালো ২৬ পয়েন্ট। পয়েন্ট তালিকার শীর্ষ দল মোহামেডানের চাইতে এক পয়েন্ট পিছিয়ে রয়েছে শিরোপা প্রত্যাশীরা। অন্যদিকে লিগে বিদেশী খেলোয়াড়বিহীন একমাত্র দল ইয়ংমেন্স সমানসংখ্যক ম্যাচে সংগ্রহ করেছে সাত পয়েন্ট।

ব্রাদার্সের পক্ষে মরোক্কান হিশাম ইনানী, প্লেমেকার লিটন ও স্ট্রাইকার এমিলি একটি করে গোল করেন।

১৪ মিনিটেই এগিয়ে যায় ব্রাদার্স। ত্রিশ গজ দুর থেকে নেয়া ইনানীর শটটি ইয়ংমেন্সের ডিফেন্ডার আব্দুল মজিদের গায়ে লেগে জালে ঠাঁই করে নেয়। ৩০ মিনিটে প্রাণতোষের ডান দিক থেকে বাড়িয়ে ক্রসটি ভিক্টর বাইরে মেরে নষ্ট করেন।

তিনমিনিট পর দুই জনকে কাটিয়ে নেয়া ভিক্টরের আরেকটি শট ইয়ংমেন্সের সাইডবারে লেগে ফিরে যায়।

৩৯ মিনিটে সমতা ফেরানোর সুবর্ন সুযোগ পায় ইয়ংমেন্স। ব্রাদার্সের বিপজ্জনক সীমানার মধ্যে ডিফেন্ডার জুয়েল রানার পা থেকে বল ছিনিয়ে নেন রবিন। বাড়িয়ে দেন চঞ্চলের উদ্দেশ্যে। কিন্তু সমর্থকদের হতাশ করে দিয়ে চঞ্চল বল মাঠের বাইরে পাঠিয়ে দেন।

চ্যাম্পিয়নদের সাথে ৯০ মিনিট সমানতালে লড়ে যাওয়া ইয়ংমেন্স দ্বিতীয়ার্ধের চার মিনিটের সময় আবারও সমতা ফেরানোর সুযোগ পায়। এবারও স্ট্রাইকার রবিন ব্রাদার্সের অভিজ্ঞ ডিফেন্ডার জুয়েল রানা আর মাসুদ রানাকে ফাঁকি দিয়ে ব্রাদার্সের জাল লক্ষ্য করে কোনাকুনি শট নেন। কিন্তু গোলরক্ষক তারেক কর্নারের বিনিময়ে সে যাত্রা দলকে বাঁচিয়ে দেন।

৬৩ মিনিটে লিটনের গোলে ২-০ তে লিড নেয় ব্রাদার্স। ব্রাদার্সের এই গোলটিও আসে ফ্রিকিক থেকে। এই গোলের সুবাদে ছয় গোল করে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতার আসনে বসে গেলেন লিটন। সাত গোল করে শীর্ষ গোলদাতার আসনে রয়েছেন মোহামেডানের আলফাজ ও মঞ্জু। খেলা শেষ হওয়ার নয় মিনিট আগে ব্রাদার্সের পক্ষে এমিলি তৃতীয় গোল করে ইয়ংমেন্সের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন। তবে এবার আর ফ্রিকিক নয়, পেনাল্টি লাভ করে ব্রাদার্স।

ইয়ংমেন্সের জালে বল পাঠনোর মুহূর্তে গোলরক্ষক শিপলু এমিলিকে মাটিতে ফেলে দিলে পেনাল্টির বাঁশি বাজান রেফারী রাম কৃষ্ণ ঘোষ।