মোহামেডানকে রুখে দিয়েছে ওয়ান্ডারার্স
প্রিমিয়ার ব্যাংক প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগের ফিরতি পর্বের দ্বিতীয় ম্যাচে এসে মোহামেডানের জয়যাত্রা বাধাগ্রস্ত হলো। বুধবার তারা ১-১ গোলে ড্র করে পয়েন্ট তালিকার নীচের দিকের দল ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবের সাথে।
দু’দলের প্রথম পর্বের সাক্ষাতে ওয়ান্ডারার্স ১-৬ গোলে বড় ব্যবধানে হারলেও দ্বিতীয় পর্বে এসে ঠিকই তারা মোহামেডানের পয়েন্টে ভাগ বসাতে সক্ষম হয়।
ম্যাচ ড্র হলেও পয়েন্ট তালিকায় মোহামেডানের অবস্থানের কোন হেরফের হয়নি। ১১ ম্যাচে আটটি জয় ও তিনটি ড্র করে ২৭ পয়েন্ট নিয়ে শীর্ষস্থনটা এখনও সাদাকালো শিবিরের দখলে। এক ম্যাচ কম খেলে ২৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ব্রাদার্স ইউনিয়ন।
অন্যদিকে নীচ থেকে দ্বিতীয় স্থানে থাকা ওয়ান্ডারার্স সমানসংখ্যক ম্যাচে পাঁচ পয়েন্ট সংগ্রহ করে এখনও রেলিগেশনের হুমকির মধ্যে অবস্থান করছে।
ম্যাচে বেশিরভাগ সময় মোহামেডানের পায়ে বল ঘোরাঘুরি করলেও ওয়ান্ডারার্সের ডিফেন্ডার জামাল হোসেন, মোস্তাফিজুর রহমান এবং নাইজেরিয়ান ইয়াকুবু রাবিউ মাল্লামের গড়া শক্ত প্রতিরক্ষা প্রাচীর ভেদ করতে ব্যর্থ হন স্ট্রাইকাররা।
তবে মোহামেডানের সব আক্রমন একাই রুখে দিয়ে হিরো বনে গেছেন প্রতিপক্ষের গোলরক্ষক সাব্বির আহমেদ সোহেল। যেন ওয়ান্ডারার্স নয়, মোহামেডানের জয়টা ঠেকিয়েছেন সোহেল।
দু’দলের খেলোয়াড়রা বল নিয়ে মধ্যমাঠে ছোটাছুটি করলেও কার্যকর আক্রমন গড়ে তুলতে পারেনি কেউই। দ্বিতীয়ার্ধের সাত মিনিটে মোহামেডানের স্ট্রাইকার মঞ্জুর একটি শট ওয়ান্ডারার্সের গোলবার উঁচিয়ে বাইরে চলে যায়। ৬৯ মিনিটে হাসানের একটি তীব্র শট গোলরক্ষক সোহেল কর্নারের বিনিময়ে রক্ষা করেন।
আট মিনিট পর গোল করে মোহামেডানকে এগিয়ে দেন স্ট্রাইকার মঞ্জু। ডান দিক থেকে মতিউর মুন্নার মাপা ক্রসে মাথা ছুঁয়ে বল জালে জড়ান মঞ্জু। আর এই গোলের সুবাদেই আলফাজ আর ব্রাদার্সের ভিক্টরের সাথে শীর্ষ গোলদাতার আসনে বসে যান মঞ্জু।
কিন্তু ম্যাচের শেষ বাঁশি বাজার চার মিনিট আগে ওয়ান্ডারার্সের নাইজেরিয়ান স্ট্রাইকার প্যটট্রিক সমতাসূচক গোল করলে এক পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হয় মোহামেডানকে।
