২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বয়কটের মন্তব্যে ফারুকের প্রতিক্রিয়া

বাংলাদেশ দলের গত মে জুনে ইংল্যান্ড সফর সম্পর্কে সাবেক ইংলিশ ক্রিকেটার জিওফ বয়কটের মন্তব্যের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন সাবেক জাতীয় ক্রিকেটার ও বাংলাদেশ দলের ম্যানেজার এএসএম ফারুক।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2005, 06:18 PM

Updated : 26 Apr 2022, 05:55 PM

আশির দশকের বাংলাদেশ দলের ক্রিকেটার এবং পরবর্তীতে ১৯৮২ সালে আইসিসি ট্রফি ও ২০০৩ সালের বিশ্বকাপে বাংলাদেশ দলের ম্যানেজারের দায়িত্ব পালন করা এএসএম ফারুক সাবেক ইংলিশ ক্রিকেটার জিওফ বয়কটের বাংলাদেশ সম্পর্কে বাজে মন্তব্যের ব্যাপারে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

ফারুক বলেন, ‘ সাবেক একজন ক্রিকেটার, অধিনায়ক ও ম্যানেজার হিসেবে তার (বয়কট) মন্তব্য শোনার পর আমি খুবই মর্মাহত ও লজ্জিত।’ এ ধরনের মন্তব্য করার আগে ভালোভাবে বাংলাদেশ দলের বর্তমান অবস্থা মূল্যায়ন করা উচিত ছিল বলে জানান ফারুক।

এর আগে লর্ডস টেস্ট সম্পর্কে বার্ষিক কাউড্রি লেকচারে বয়কট বলেন, ‘বাংলাদেশের বিরুদ্ধে খেললে আমার মা’ও রান পেত এবং উইকেট দখল করতে পারতো। এই ধরনের খেলা কেউ দেখতে চায়না এবং বাংলাদেশ দলের বিরুদ্ধে অন্যান্য দল যেভাবে রানের পাহাড় গড়ছে তাতে করে ক্রিকেটের কোন উপকার হচ্ছে না।’

চলমান অ্যশেজ সিরিজে ইংল্যান্ডের পারফরম্যান্সে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে ফারুক বলেন, ‘ইংল্যান্ডের হয়ে কিছু রান করার পরই তার (বয়কট) মা বাংলাদেশ দলে জায়গা করে নিতে পারতো।’

টেস্ট ক্রিকেটে নিউজিল্যান্ড ও শ্রীলংকার উদাহরন টেনে জাতীয় দলের সাবেক অধিনায়ক বলেন, প্রথম টেস্ট বিজয়ের জন্য নিউজিল্যান্ডের ২৩ বছর আর শ্রীলংকার ২০ বছর অপেক্ষা করতে হয়েছে। আর টেস্ট জয়ের আগে তারা কিছুই অর্জন করতে পারেনি।

সে তুলনায় ২০০০ সালে টেস্ট মর্যাদা পাওয়ার পর গত পাঁচ বছরে বাংলাদেশের পরিসংখ্যান ঘাটলে দেখা যাবে আমরা অনেক বেশি অর্জন করেছি।

ফারুক আরও বলেন, আমরা ভারত, পাকিস্তান ও অস্ট্রেলিয়ার মত বড় দলগুলোর বিরুদ্ধে জয় ছাড়াও জিম্বাবুয়ের বিরুদ্ধে সিরিজ জয় করেছি। সর্বকনিষ্ঠ টেস্ট সেঞ্চুরিয়ান হওয়ার গৌরব লাভ করেছে আমাদের আশরাফুল। তাছাড়া এনামুল হক জুনিয়র এক টেস্টে সাত উইকেট নেয়ার কৃতিত্বও দেখিয়েছে।

তিনি বলেন, অস্ট্রেলিয়া, পাকিস্তান ও ওয়েস্ট উইন্ডিজের বিরুদ্ধে বাংলাদেশ ভালো পারফরম্যান্স দেখিয়েছে। এদের বিরুদ্ধে পাইলট আর রফিকের সেঞ্চুরিকেও তিনি অন্যতম অর্জন বলে বলে জানান।

বিভিন্ন সামাজিক, পারিবারিক বাধা আর অবকাঠামোর অভাব সত্ত্বেও বিভিন্ন ধরনের চাপ থাকা সত্ত্বেও বাংলাদেশের ক্রিকেট ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে বলে জানান ফারুক।