স্কুল দাবার বালিকা বিভাগে চ্যাম্পিয়ন কলকাতার সাথী
সপ্তম স্ট্যান্ডার্ড চার্টার্ড স্কুল দাবার বালিকা বিভাগে মঙ্গলবার চ্যাম্পিয়ন হয়েছে কলকাতার সাথী মজুমদার।
দাবা ফেডারেশনের হল রুমে অনুষ্ঠিত খেলায় সাথী ও সুকন্যা দত্ত’র পয়েন্ট সমান হলে টাই ব্রেকারে সাথী চ্যাম্পিয়ন হয়। ছয় পয়েন্ট নিয়ে রানার্স আপ হয়েছে সুকন্যা দত্ত।
ষষ্ঠ-দশম শ্রেনী বিভাগে সপ্তম রাউন্ড শেষে সাড়ে ছয় পয়েন্ট করে সংগ্রহ করে যৌথভাবে শীর্ষে অবস্থান করছে ধর্মরাজিক স্কুলের মাসুম হোসেন ও হোসেন আলী স্কুলের শরিফ হোসেন। সাড়ে পাঁচ পয়েন্ট করে নিয়ে এই বিভাগে দ্বিতীয় স্থানে রয়েছে সাতজন। এরা হলো-কলকাতার বিতান ব্যানার্জী, নীলাভ্র দত্ত, সৌরিক সাহা, অভ্রতনু দত্ত, রাজবাড়ীর রেজাউল ইসলাম বাবু, নড়াইলের আশরাফুজ্জামান ও অপরাজেয় বাংলাদেশের সাঈদ হোসেন।
প্রতিযোগিতার কেজি-পঞ্চম শ্রেনী বিভাগে এককভাবে শীর্ষে অবস্থান করছে আব্দুল্লাহ আল সাঈফ। সপ্তম রাউন্ড শেষে তার সংগ্রহ সাত পয়েন্ট। ছয় পয়েন্ট করে নিয়ে এই বিভাগে দ্বিতীয় স্থানে রয়েছে অনিরুদ্ধ মজুমদার ও সায়ান মজুমদার।
