২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরাশগঞ্জকে হারিয়ে প্রথম পর্বে হারের শোধ নিল শেখ রাসেল

প্রথম পর্বে ফরাশগঞ্জের বিরুদ্ধে এক গোলে হেরেছিল গতবারের রানার্স আপ শেখ রাসেল ক্রীড়া চক্র।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2005, 08:18 PM

Updated : 26 Apr 2022, 05:55 PM

দ্বিতীয় পর্বে নিজেদের প্রথম ম্যাচে সেই একই ব্যবধানে ফরাশগঞ্জকে হারিয়ে শোধ নেয়ার পালাটা চুকিয়ে ফেলল তারা মঙ্গলবার। আর জয়সূচক গোলটি এসেছে মরোক্কান স্ট্রাইকার আব্দেল মাজিদের পা থেকে।

এই ফলাফলে ফরাশগঞ্জ প্রথমবারের মত পয়েন্ট তালিকার পঞ্চম স্থানে নেমে গেল। দশ ম্যাচে শেখ রাসেলের পয়েন্ট দাঁড়িয়েছে ১৫, আর ফরাশগঞ্জের ১৪।

ম্যাচের প্রথমার্ধটা যদিও দু’দলের খেলোয়াড়রা দৌড়ঝাঁপের মধ্য দিয়েই পার করেছেন, কিন্তু পরে পুরোটা সময় আক্রমনাত্মক খেলা উপহার দিয়েছে তারা। ওই সময়টুকুই মনে হয়েছে জয়টা দু’দলেরই প্রয়োজন। শেষ পর্যন্ত শেখ রাসেলের ভাগ্যে শিকে ছেঁড়ে।

আক্রমনের প্রথম ধাক্কাটা আসে ২০ মিনিটে শেখ রাসেলের প্রান্ত থেকে। ডান দিক থেকে আমিনুলকে বল বাড়িয়ে দেন মারুফ। আমিনুল ডি বক্সের বাইরে থেকে যে শক্তিশালী শট নেন ফরাশগঞ্জের গোলরক্ষক জিয়া তা কর্নারের বিনিময়ে রক্ষা করেন। প্রথমার্ধে আক্রমন বলতে ওই একটাই।

বিরতির পর অবশ্য আক্রমন শুরু করে ফরাশগঞ্জ। ফেলিক্সের লবে রনির কামানের গোলার মত শটটি অল্পের জন্য গোলবারের বাইরে দিয়ে চলে যায়। ৭২ মিনিটে গোলের দেখা পায় শেখ রাসেল। তানভীরের নিখুঁত ক্রসটি বক্সের মধ্যে মাজিদের পায়ে গিয়ে পড়ে। প্রায় অরক্ষিত মাজিদ দেরি না করে বল জালে ঠেলে দেন।

৯০ মিনিটে আবার এগিয়ে যেতে পারত শেখ রাসেল। কিন্তু বদলী স্ট্রাইকার ইউসুফের শটটি ফরাশগঞ্জের আগুয়ান গোলরক্ষকের মাথার উপর দিয়ে মাঠের বাইরে চলে গেলে এক গোলেই সন্তুষ্ট থাকতে হয় শেখ রাসেল ক্রীড়া চক্রকে।