২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুরালি’র ঘূর্ণিতে কুপোকাত ওয়েস্ট ইন্ডিজ

লঙ্কান অফস্পিনার মুত্তিয়া মুরালিধরণ মাঠে ফিরেই বোলিং তান্ডব শুরু করে দিয়েছেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2005, 10:24 AM

Updated : 26 Apr 2022, 05:55 PM

তার দূর্দান্ত বোলিংয়ের কারণে শ্রীলঙ্কা সফরকারী ওয়েস্ট ইন্ডিজকে সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচে ২৪০ রানে হারিয়েছে। ফলে দুই টেস্টের সিরিজে শ্রীলঙ্কার কাছে হোয়াইটওয়াশ হল ওয়েস্ট ইন্ডিজ।

দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনে জয়ের জন্য ৩৭৮ রানের লক্ষ্য মাত্রা নিয়ে খেলতে নেমে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ দলের রানের চাকা ১৩৭ রানেই থেমে যায়। মুত্তিয়া মুরালিধরণ ৪৬ রানের বিনিময়ে তুলে নেন আটটি উইকেট।

আট ওভারের মধ্যে দ্বিতীয় টেস্টে ক্যারিবিয়ারদের পক্ষে সর্বোচ্চ রান সংগ্রহকারী নরসিং ডিওনারিনসহ শেষের সারির পাঁচটি উইকেট তুলে নেন। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

স্বাগতিক শ্রীলঙ্কা দ্বিতীয় ইনিংসে সাত উইকেটে ৩৭৫ রান তুলে ইনিংস ঘোষণা করে। শ্রীলঙ্কান উইকেটকিপার কুমার সাঙ্গাকারা নিজ শহরে ১৫৭ এবং হেরাথ ১৫ রান করে অপরাজিত থাকেন।

দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে স্বাগতিক শ্রীলঙ্কা ১৫০ রানে অলআউট হয়ে যায়। জবাবে প্রথম ইনিংসে লঙ্কান পেসার চামিন্দা ভাসের বোলিং তোপের মুখে ১৪৮ রানেই গুটিয়ে ইন্ডিজ ইনিংস।

দ্বিতীয় ইনিংসে ক্যারিবীয় শিবিরে প্রথম আঘাত হানেন মালিঙ্গা। ওয়েস্ট ইন্ডিজের দলীয় স্কোর যখন দুই তখন মালিঙ্গা এলবিডব্লিউর ফাঁদে ফেলে প্যাভিলিয়ানে ফেরত পাঠান ওপেনার মার্শালকে।

লাঞ্চের পর আক্রমণে যোগ দেন মুরালিধরণ। তিনি একে একে ফিরিয়ে দেন রুনাকো মরটন, ওপেনার রামদাস এবং সিলভাস্টার জোসেফকে।

ক্যারিবিয়ান অধিনায়ক শিবনারায়ন চন্দরপল ব্যক্তিগত ২৪ রানের মাথায় লঙ্কান বাহাতি স্পিনার রঙ্গনার বলে মাহেলা জয়াবর্ধনার হাতে ধরা দেন।

দিওনারায়ণ (২৯) এবং দিনেশ রামদিন মাটি কামড়ে থাকার চেষ্টা করেন। কিন্তু মুরালির চতুর্থ এবং পঞ্চম শিকারে পরিনত হন তারা।

ম্যাচ সেরা খেলোয়াড় নির্বাচিত হন কুমারা সাঙ্গাকারা এবং সিরিজের সেরা খেলোয়াড় নির্বাচিত হন চামিন্দা ভাস।