২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইংল্যান্ড সফরের তুলনায় শ্রীলংকা সফর বেশ কঠিন হবে : হোয়াটমোর

বাংলাদেশ ক্রিকেট দলের আসন্ন শ্রীলংকা সফর ইংল্যান্ড সফরের তুলনায় কঠিন হবে বলে মনে করছেন কোচ ডেভ হোয়াটমোর।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2005, 07:00 PM

Updated : 26 Apr 2022, 05:54 PM

বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে সোমবার বাংলাদেশ দলের অনুশীলনের প্রথম দিন সাংবাদিকদের সাথে আলাপকালে কোচ হোয়াটমোর বলেন, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঐতিহাসিক জয়ের পর বাংলাদেশের ব্যাপারে শ্রীলংকা বেশ সতর্ক। তবে আমাদের জন্য সুবিধা হচ্ছে শ্রীলংকায় আমরা পরিচিত আবহাওয়ায় খেলবো।

শ্রীলংকা সফরের জন্য অনুশীলনের প্রথম দিন অধিনায়ক হাবিবুল বাশার ও সহঅধিনায়ক খালেদ মাসুদ ছাড়া বাকি এগারোজনই উপস্থিত ছিলেন। দিনটি ক্রিকেটাররা স্ট্রেচিং, রানিং ও জিম ওয়ার্কের মধ্য দিয়েই পার করেছেন।

প্রাথমিকভাবে নির্বাচিত ২৩ জন ক্রিকেটারের মধ্যে দশজনই বর্তমানে বাংলাদেশ এ দলের হয়ে ইংল্যান্ড সফরে রয়েছেন।

প্রথম দিন অনুশীলনে যোগ দেওয়া খেলোয়াড়রা হলেন-খালেদ মাহমুদ, জাভেদ ওমর, মোহাম্মদ রফিক, মোহাম্মদ আশরাফুল, মাশরাফি মর্তুজা, তাপস বৈশ্য, রাজিন সালেহ, আনোয়ার হোসেন মুনীর, মাঞ্জারুল ইসলাম রানা, আফতাব আহমেদ ও নাজমুল হোসেন।

ইউরোপ ও আমেরিকায় ব্যক্তিগত সফর শেষে সোমবার সন্ধ্যায় ঢাকায় এসে পৌঁছানোর কথা রয়েছে অধিনায়ক বাশারের। মঙ্গলবার থেকে তিনি অনুশীলনে যোগ দেবেন। অন্যদিকে পারিবারিক সমস্যার কারণে ছুটিতে রয়েছেন খালেদ মাসুদ।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয় খেলোয়াড়দের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে ঠিকই, কিন্তু শ্রীলংকার বিরুদ্ধে খেলার জন্য দলকে আরও আত্মবিশ্বাসী হতে হবে বলে জানালেন কোচ ডেভ।

তিনি বলেন, যদিও আমরা পাঁচ-ছয় মাস ধরে বেশ ভালো ক্রিকেট খেলছি তারপরও অস্ট্রেলিয়াকে হারিয়ে আত্মতুষ্টিতে ভোগার কোনও সুযোগ নেই।

এই মুহূর্তে দল সম্পর্কে কোচের মন্তব্য, দলের প্রতিটি বিভাগে ক্রমাগত উন্নতি হচ্ছে কিন্তু আমাদের আরও উন্নতি করতে হবে। কোচ হোয়াটমোর উপমহাদেশের কন্ডিশনে দলে স্পিনারদের উপরই বেশি গুরুত্ব দিচ্ছেন। তার মতে শ্রীলংকায় স্পিনারই ম্যাচ নিয়ন্ত্রকের ভূমিকা পালন করবে।