২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিরোপার দৌড়ে আবাহনী কক্ষচ্যুত

প্রিমিয়ার ব্যাংক প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগের দ্বিতীয় পর্বে নিজেদের প্রথম ম্যাচেই হোঁচট খেয়েছে আবাহনী লিমিটেড। সোমবার দ্বিতীয় পর্বের প্রথম লড়াইয়ে আরামাবাগ ক্রীড়া সংঘের সাথে গোলশুন্য ড্র করে মুল্যবান পয়েন্ট খুইয়েছে শিরোপা প্রত্যাশীরা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2005, 08:46 PM

Updated : 26 Apr 2022, 05:54 PM

ব্রাদার্সের কাছে ১-২ গোলে হারের পর দুই ম্যাচে ড্র করল আবাহনী। সব মিলিয়ে দশ ম্যাচে তাদের ড্র চারটি এবং দু’টি পরাজয়। অন্যদিকে প্রথম পর্বেও একইভাবে আবাহনীর কাছ থেকে পয়েন্ট কেড়ে নিয়েছিল আরামবাগ। প্রথম পর্বের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়।

শিরোপার দৌড়ে ছন্নছাড়া আবাহনী চিরপ্রতিদ্বন্দ্বি মোহামেডানের চাইতে দশ পয়েন্ট পিছিয়ে পড়ল। দশ ম্যাচে তাদের সংগ্রহ ১৬।

পরপর দুই ম্যাচ জয়ের মধ্য দিয়ে এবারের শিরোপা অভিযান শুরু করলেও তৃতীয় ম্যাচেই তাদের জয়যাত্রায় বাধা হয়ে দাঁড়ায় আরামবাগ এবং আরামবাগের এই আবাহনী বধ দ্বিতীয় পর্বেও অব্যাহত রইল।

ম্যাচে আবাহনী জয় নিয়েই মাঠ ছাড়তে পারত, কিন্তু তাদের ঘানার স্ট্রাইকার আউদু ইব্রাহিম ৭১ মিনিটে পেনাল্টি মিস করলে ড্রতেই সন্তুষ্ট থাকতে হয় তাদের। আবাহনীর উইংগার উজ্জলকে আরামবাগের ডিফেন্ডার রমজান বক্সের মধ্যে অবৈধভাবে বাধা দিলে পেনাল্টি লাভ করে আবাহনী। স্ট্রাইকার ইব্রাহিম পেনাল্টি থেকে যে শটটি নেন আরামবাগের গোলরক্ষক শাকিল বাঁ দিকে ঝাঁপিয়ে তা ঠেকিয়ে দেন।

এক ম্যাচ নিষেধাজ্ঞায় থাকা এবং ইনজুরির কারণে প্লে মেকার জয়, ক্যামেরুনের মিডিও কিয়াক, স্ট্রাইকার ফরহাদ ও উইংগার আব্দুল্লাহ পারভেজকে ছাড়াই মাঠে নামে আবাহনী। নড়বড়ে লাইনআপ নিয়ে শেষ পর্যন্ত আরামবাগের সাথে পেরে উঠেনি তারা।

ম্যাচের দ্বিতীয় মিনিটেই আক্রমনে যায় আবাহনী। বাঁ দিক থেকে ইব্রাহিমের ক্রসে উজ্জ্বল শট নিলেও গোলরক্ষক শাকিল তা দৃঢ়তার সাথে ফিরিয়ে দেন।

শেষ দিকে আবাহনী প্রায় হারতেই বসেছিল। তবে হয়নি ইব্রাহিমের কল্যানেই। আরামবাগের বদলী খেলোয়াড় রিন্টু আবাহনীর গোলমুখের কাছ থেকে যে শটটি করেন সেটি গোলরক্ষক নিজাম মজুমদারের হাত ফসকে বেরিয়ে যায়। গোললাইন থেকে বল ফিরিয়ে দিয়ে দলকে পুরো পয়েন্ট খোয়ানোর হাত থকে উদ্ধার করেন ইব্রাহিম।