বোলিং বিশেষজ্ঞের খোঁজে বাংলাদেশী পেসাররা
নিজস্ব বোলিং স্টাইল বজায় রেখে বাংলাদেশী পেস বোলাররা বিশেষজ্ঞ বোলিং কোচের সহায়তায় তাদের টেকনিক্যাল জ্ঞান বাড়াতে আগ্রহী।
পেস বোলাররা মনে করেন, আপন বোলিং ছন্দ ধরে রাখতে তাদেরকে অবশ্যই দূর্বল দিকগুলো চিহ্নিত করতে হবে।
একজন বিশেষজ্ঞ বোলিং কোচ এই ছোট খাটো ভুলগুলো সহজেই চিহ্নিত করতে পারবেন এবং বোলাররা ধারাবাহিকভাবে কিভাবে তাদের বোলিং কারিশমা বজায় রাখতে পারবে সে ব্যাপারে পথ দেখাতে সক্ষম হবেন।
তাই আগস্ট-সেপ্টেম্বরে শ্রীলংকা সফরের আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জাতীয় ক্রিকেট দলের জন্য একজন বিশেষজ্ঞ বোলিং কোচের খোঁজ করছে। বিশেষ করে টেস্ট ম্যাচ খেলতে গিয়ে বাংলাদেশী পেস বোলাররা নিজেদের মান বজায় রাখতে না পারার কারণে বিসিবি’র কর্তাব্যক্তিরাও এটা নিয়ে চিন্তিত। ইংল্যান্ডের সাথে মে-জুনে অনুষ্ঠেয় সফরেও বাংলাদেশী পেস বোলারদের টেকনিকের অভাব বিশেষভাবে ধরা পড়ে।
ওয়েস্ট ইন্ডিজের ফাস্ট বোলার এন্ডি রবার্টসকে কয়েকদিনের মধ্যেই বিশেষজ্ঞ কোচ হিসেবে নিয়োগ দেয়া হতে পারে বলে শোনা যাচ্ছে। অবশ্য বাংলাদেশের জন্য এন্ডি রবার্টস মোটেই নতুন নয়। এর আগে ২০০১ সালে অনুর্ধ-১৭ দলের বোলিং কোচ হয়ে এসেছিলেন দু’সপ্তাহের চুক্তিতে। ঐ সংক্ষিপ্ত সময়েরই ফসল আজকের মাশরাফি বিন মুর্তুজা ও তালহা যোবায়ের।
১৯৯৯ সালের ইংল্যান্ড বিশ্বকাপের আগে বাংলাদেশী বোলাররা পাকিস্তানি লেগ স্পিনার মুশতাক আহমেদের শরনাপন্ন হয়েছিল।
বর্তমানে বাংলাদেশের পেস বোলাররা একজন বোলিং কোচের প্রয়োজীয়তা অনুভব করছেন। তাদের বক্তব্য, বিশেষজ্ঞ বোলিং কোচের মাধ্যমে তারা তাদের টেকনিক্যাল দিকগুলো সমৃদ্ধ করতে পারবেন।
শ্রীলংকা সফরকে সামনে রেখে জাতীয় ক্রিকেট দলের বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে প্রথমদিনের ট্রেনিং শেষে দলের প্রথম সারির চার বোলার-মাশরাফি বিন মুর্তুজা, তাপস কুমার বৈশ্য, নাজমুল হোসাইন ও মোহাম্মদ রফিক-সোমবার সাংবাদিকদের কাছে তাদের চিন্তাভাবনা প্রকাশ করেন।
দলের এক নম্বর ফাস্ট বোলার মাশরাফি বলেন, এন্ডি (রবার্টস) বাংলাদেশে আসলে তা আমার জন্য খুবই ভালো হবে। আমি এর আগেও তার সাথে কাজ করেছি।
অস্ট্রেলীয় ফিটনেস উপদেষ্টা স্টুয়ার্ট কার্পিনেনের ব্যাপারে সন্তুষ্ট প্রকাশ করেন মাশরাফি। তিনি বলেন, তার কাজে আমি সন্তুষ্ট। তার কাছে অনেক কিছু শেখার আছে। ফিটনেস উপদেষ্টা হওয়ার আগে কার্পিনেন নিজেও একজন ফাস্ট বোলার ছিলেন।
তাপস বলেন, এই বয়সে আমার রান আপ ও বোলিং অ্যাকশন পরিবর্তনের কোন সুযোগ নেই। কিন্তু আমি মনে করি, একজন বোলিং কোচ বলে বৈচিত্র্য আনতে ও সুইং আনার ব্যাপারে প্রয়োজনীয় সহায়তা করতে পারেন।
ওয়ানডে বোলার হিসেবে স্বীকৃত নাজমুল বলেন, ইংল্যান্ডের কন্ডিশনে আমাদেরকে অনেক সংগ্রাম করতে হয়েছে। ইংল্যান্ডে আমরা যে কাজটি করতে পারিনি, সেই জায়গা মত বল ফেলতে একজন বোলিং কোচ আমাদের সহায়তা করতে পারে। বামহাতি ব্যাটসম্যানের বিপক্ষে বোলিং করতে তার যে সমস্যা হয়, তিনি তা কাটিয়ে ওঠার জন্য একজন বিশেষজ্ঞ বোলিং কোচের প্রয়োজনীয়তা অনুভব করেন।
তিনি বলেন, আমি যখন বামহাতি ব্যাটসম্যানের বিপক্ষে বল করি, তখন আমার মাথা বাম দিকে চলে যায়। এ কারণে আমি ঠিক জায়গায় বল ফেলতে ব্যর্থ হই। আমি মনে করি, একজন বিশেষজ্ঞ বোলিং কোচের সহায়তায় আমি আমার সমস্যার সমাধান পেতে পারি।
মাশরাফি, তাপস ও নাজমুল একজন বিশেষজ্ঞ বোলিং কোচ হিসেবে একজন ফাস্ট বোলারকেই চাইবেন-এটাই স্বাভাবিক। সেক্ষেত্রে বাংলাদেশের টেস্ট ও ওয়ানডে-দুই ধরনের ক্রিকেটেই সর্বোচ্চ উইকেটধারী রফিক কিভাবে উপকৃত হতে পারেন-এ প্রশ্নের জবাবে রফিক বলেন, একজন ফাস্ট বোলার আনা হলে বোলিংয়ের মৌলিক কিছু দিক আমি তার কাছে শিখতে পারবো।
তিনি বলেন, আমার যোগ্যতা অনুসারেই আমাকেই ভালো বোলিং করতে হবে।
