প্রথম টেস্টে জিতে অ্যাশেজ লড়াইয়ে এগিয়ে অস্ট্রেলিয়া
লর্ডসে অ্যাশেজ ক্রিকেট টেস্টের চতুর্থ দিনেই ইংল্যান্ডের বিপক্ষে ২৩৯ রানের বিশাল বিজয় ছিনিয়ে নিলো অস্ট্রেলিয়া। ম্যাকগ্রা এবং শেন ওয়ার্ণের বোলিং দাপটে ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে ১৮০ রানেই গুটিয়ে যায়।
অস্ট্রেলিয়া দলের সফল এ দুই বোলারের প্রত্যেকে ৪টি করে উইকেট লাভ করে। পাঁচ টেস্ট সিরিজে অস্ট্রেলিয়া ১-০ ব্যবধানে এগিয়ে রইলো।
ইংল্যান্ড দলের সর্বশেষ ব্যাটসম্যান সাইমন জোনস ম্যাকগ্রার বলে ওয়ার্নের হাতে ক্যাচ দিয়ে মাঠ ত্যাগ করেন। ফলে ইংল্যান্ড দলে প্রথম অভিষিক্ত কেভিন পিটারসন ইনিংসের সর্ব্বোচ ৬৪ রান করে অপরাজিত থেকে যান।
অস্ট্রেলিয়া টেস্ট ম্যাচ জয়ের জন্য ইংল্যান্ডের সামনে ৪২০ রানের বিশাল টার্গেট দাঁড় করে দিয়েছিল যা অতিক্রম করা ছিল অসম্ভব। তবে ২০০২-০৩ ক্রিকেট সূচীতে ওয়েস্ট ইন্ডিজ এন্টিগুয়ার সেন্ট জন-এতে সাত উইকেটে ৪১৮ করে অস্ট্রেলিয়াকে পরাজিত করে চমকে দিয়েছিল।
অস্ট্রেলিয়া জয়ের ব্যাপারে নিশ্চিত ছিল তবে বাধা ছিল একমাত্র বৃষ্টি। লর্ডসের মাঠে ৩০০ রানের টার্গেট কোন দল অতিক্রম করতে পারেনি। কেবল ১৯৮৪ সালেই এর ব্যতিক্রম ঘটেছিল। ওয়েস্ট ইন্ডিজ ইংল্যান্ডের দাঁড় করানো টার্গেট ৩৪২ রান ডিঙ্গিয়ে ৩৪৪ রান করে ৯ উইকেটে জয়ী হয়েছিল।
