২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয় দিয়ে দ্বিতীয় পর্ব শুরু করল মুক্তিযোদ্ধা

প্রিমিয়ার ব্যাংক প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগে রোববার মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া সংঘ দ্বিতীয় পর্বে তাদের প্রথম ম্যাচে ইয়ংমেন্স ক্লাব ফকিরেরপুলকে ৩-১ গোলে হারিয়ে জয়ের ধারায় ফিরেছে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2005, 08:35 PM

Updated : 26 Apr 2022, 05:54 PM

এই জয়ের মধ্য দিয়ে মুক্তিযোদ্ধা প্রথম পর্বে নিজেদের শেষ ম্যাচে ইয়ংমেন্সের কাছে ১-২ গোলে হারের মধুর শোধ নিয়ে নিল। ইয়ংমেন্সের বিরুদ্ধে হেরেই শিরোপা লড়াই থেকে পিছিয়ে পড়ে মুক্তিযোদ্ধা।

ম্যাচ শেষে মুক্তিযোদ্ধার সংগ্রহ দাঁড়ালো ১৯ পয়েন্ট। অন্যদিকে ইয়ংমেন্সের পয়েন্ট সাত।

আক্রমন পাল্টা আক্রমনের মধ্য দিয়ে রোববারের ম্যাচটি হয়ে উঠে প্রানবন্ত। শিরোপা প্রত্যাশী মুক্তিযোদ্ধাকে প্রথম গোলের জন্য ম্যাচের ৩৯ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়। সম্মিলিত একটি আক্রমন থেকে চমৎকার প্লেসিং শটে দলকে এগিয়ে দেন স্টপার টিটু।

এই গোলের রেশ কাটতে না কাটতেই খেলায় সমতা ফেরানোর সুযোগ পায় ইয়ংমেন্স। কিন্তু বাতেনের ক্রসে পা ছোঁয়াতে ব্যর্থ হন স্ট্রাইকার রবিন।

৬২ মিনিটে সমতাসূচক গোল পায় ইয়ংমেন্স। মুক্তির গোল সীমানা থেকে দুই বার বল ফিরে এলে ফিরতি বলে ব্যক হিল করে গোল করেন মাসুদ।

কিছুক্ষণ পর দক্ষিণ আফ্রিকান পল আর মিডফিল্ডার পাপ্পু কম্বিনেশনে ম্যাচে দ্বিতীয়বারের মত এগিয়ে যায় মুক্তিযোদ্ধা। ডান দিক থেকে উড়িয়ে দেয়া পাপ্পুর ক্রসটি থেকে কোনাকুনি শটে লক্ষ্যভেদ করেন পল।

ম্যাচের অন্তিম মুহূর্তে মুক্তিযোদ্ধার পক্ষে জয়সূচক গোলটি আসে কাঞ্চনের পা থেকে।