গণতান্ত্রিক পদ্ধতিতে ক্রীড়া পরিষদের নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়েছে সম্মিলিত ক্রীড়া পরিবার
সম্মিলিত ক্রীড়া পরিবার রোববার গণতান্ত্রিক পদ্ধতিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়েছে।
জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
এতে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সদস্য সচিব মোহাম্মদ ফজলুর রহমান বাবলু ও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সংগঠনের আহবায়ক স্থপতি মোবাশ্বের হোসেন এবং হরুন অর রশিদ।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন সাজ্জাদুল কবির ববি, দেওয়ান শফিউল আরেফিন টুটুল, মাহমুদুল হক মানু, জাহাঙ্গীর আলম সাদ, গাজী আশরাফ হোসেন লিপু, শওকত আলী খান, সৈয়দ শাহেদ রেজা, মোয়াজ্জেম হোসেন, আব্দুল গফুর এবং সাব্বির আহমেদ।
লিখিত বক্তব্যে বলা হয়, গঠনতন্ত্র ও গণতান্ত্রিক ধারাবাহিকতা লংঘন করে বিসিবি নির্বাচন অনুষ্ঠানের উদ্যোগ নিয়েছে। এজন্য একটি তথাকথিত গঠনতন্ত্রও তৈর করা হয়েছে। এতে প্রশ্ন তুলে বলা হয়, যেহেতু বিসিবি’র বর্তমান উপদেষ্টা কমিটি নির্বাচিত নয় সেক্ষেত্রে কে তাদেরকে গঠনতন্ত্র তৈরি করার দায়িত্ব দিয়েছে?
বক্তব্যে আরও বলা হয়, তথাকথিত গঠনতন্ত্র ক্রীড়াঙ্গনে গণতন্ত্রায়নের মৌলিক নীতিমালার সম্পূর্ন বিরোধী। এই গঠনতন্ত্র শুধু ক্রিকেটকে ক্রীড়া পরিষদের কতিপয় ব্যক্তির আজ্ঞাবহ করে তুলবে এবং ক্রিকেট হয়ে পড়বে সম্পূর্ন দলীয় রাজনীতির আওতাভুক্ত।
সম্মেলনে বক্তারা দেশের ক্রীড়াঙ্গনকে রাজনীতির উর্ধ্বে রাখা এবং প্রকৃত ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠকদের ফেডারেশনগুলোতে নিয়োগ দেয়ার জন্য যথাযথ কর্তৃপক্ষের কাছে আবেদন জানান। আর তা না হলে সরকার পরিবর্তন হলেও প্রকৃত সংগঠকরা দায়িত্ব পালন করে যেতে পারবেন। বিভিন্ন সংস্থা থেকে ক্রিকেট বোর্ডে কাউন্সিলর রাখার যে বিধান করা হয়েছে তারও সমালোচনা করেন বক্তারা।
স্থপতি মোবাশ্বের হোসেন বলেন, ‘ আমরা চাই কাউন্সিলররা হবেন প্রকৃত সংগঠক।’
সংবাদ সম্মেলনে সম্মিলিত ক্রীড়া পরিবারের পক্ষ থেকে বিভিন্ন ফেডরেশন ও সংগঠনের প্রকৃত অবস্থা তুলে ধরার জন্য বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের দাবি জানানো হয়।
