২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইংল্যান্ডের আকাশে পরাজয়ের কালো মেঘ

শেন ওয়ার্নের চমৎকার বোলিংয়ের উপর ভর করে সফরকারী বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া স্বাগতিক ইংল্যান্ডের বিরুদ্ধে অ্যাশেজ সিরিজের প্রথম ম্যাচ জয়ের স্বপ্ন দেখছে। আর ইংল্যান্ডের আকাশে এখন পরাজয়ের কালো মেঘ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2005, 10:13 AM

Updated : 26 Apr 2022, 05:54 PM

টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ উইকেট শিকারী ওয়ার্ন ম্যাচের তৃতীয় দিনে ৪৬ রানের বিনিময়ে তিন ইংলিশ ব্যাটসম্যানকে তুলে নেন। চা বিরতির পর টানা ১৫ ওভারের এক স্পেলে বোলিং করে তিনি ৩২ বলের মধ্যে মাত্র ১০ রান খরচ করে তুলে নেন তিন উইকেট। অস্ট্রেলিয়ান টেস্ট দলে ডাক পাওয়া ব্রেট লি ৫৮ রানের বিনিময়ে দুই উইকেট তুলে নিয়ে নিজের যোগ্যতা আবারও প্রমাণ করলেন।

তৃতীয় দিনে ইংল্যান্ড পাঁচ উইকেট হারিয়ে তুলেছে ১৫৬ রান। জয়ের জন্য এখনও প্রয়োজন ২৬৪ রান। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

আলোর স্বল্পতার কারণে খেলা শেষ হওয়ার আগে কেভিন পিটারসন ৪২ রান এবং উইকেটকিপার গ্যারেন্ট জোন্স ছয় রান নিয়ে অপরাজিত আছেন।

দক্ষিণ আফ্রিকায় জন্ম নেয়া ২৫ বছর বয়সী পিটারসন প্রথম ইনিংসে দলের পক্ষে সর্বোচ্চ ৫৭ রান করেছিলেন।

শুধুমাত্র তিনবার টেস্ট ম্যাচের চতুর্থ ইনিংসে কোনও দল ৪০০ কিংবা তার চেয়ে বেশি রানের টার্গেটকে অতিক্রম করেছে।

বা হাতি মার্কাস ট্রেসকথিক এবং এন্ড্রু স্ট্রাস ইংল্যান্ডকে ৮০ রানের ভিত গড়ে দেন।

অস্ট্রেলিয়া দলের সাথে শেষ ১৭টি টেস্ট ম্যাচে খেলতে না পারা লি প্রথম ভাঙ্গন ধরায় ইংল্যান্ড শিবিরে। তিনি স্ট্রাসকে কট এন্ড বোল্ড করে প্যাভিলিয়ানে ফিরিয়ে দেন।

শেন ওয়ার্ন ইংরেজ ওপেনার ট্রেসকথিককে ব্যক্তিগত ৪৪ রানের মাথায় প্রথম স্লিপে দাঁড়ানো ম্যাথু হেইডেনের হাতে ক্যাচ দিতে বাধ্য করেন। এর কিছুক্ষনের মধ্যে ওয়ার্ন অ্যাশজ সিরিজে অভিষেক খেলোয়ার ইয়ান বেলকেও ফিরিয়ে দেন।

ইংলিশ অধিনায়ক মাইকেল ভনকে ব্রেট লি ব্যাক্তিগত চার রানের মাথায় বোল্ড করে দেন। মাত্র ৪৬ মিনিটের মধ্যে ইংল্যান্ডের প্রথম সারির চারটি উইকেটের পতন ঘটে।

সবশেষে অলরাউন্ডার ফ্লিনটফ ওয়ার্নের বলে ক্যাচ আউট ফিরে যান।

১৮ বছর পর অ্যাশেজ সিরিজ জয়ের আশায় ইংল্যান্ড মাঠে নামলেও এখন লর্ডসের আবহাওয়ার মত তাদের মাথার উপরেও ঘুরছে পরাজয়ের কালো মেঘ।