ভিক্টরের হ্যাটট্রিকে ওয়ান্ডারার্সের বিরুদ্ধে ব্রাদার্সের জয়
প্রিমিয়ার ব্যাংক প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগে ব্রাদার্সের রাশিয়ান স্ট্রাইকার এডোয়ার্ড ভিক্টর চতুর্থ হ্যাটট্রিকের মালিক হলেন, আর এই হ্যাটট্রিকের সুবাদেই শনিবার দ্বিতীয় পর্বের সূচনা ম্যাচে চ্যাম্পিয়নরা ঢাকা ওয়ান্ডারার্সকে ৩-১ গোলে হারিয়ে পুরো পয়েন্ট নিয়ে ঘরে ফিরে গেছে।
ম্যাচ শেষে ব্রাদার্সের পয়েন্ট দাঁড়িয়েছে ২৩। অবস্থান দ্বিতীয়। তবে শীর্ষ দল মোহামেডানের চাইতে এখনও তিন পয়েন্ট পিছিয়ে রয়েছে তারা। অন্যদিকে চার পয়েন্ট নিয়ে রেলিগেশনে নেমে যাবার আশংকার মধ্যে হাবুডুবু খাচ্ছে ওয়ান্ডারার্স।
ম্যাচের চারটি গোলই আসে প্রথমার্ধে। ১০ মিনিটে পারভেজ বাবুর ক্রস থেকে বল পেয়ে ওয়ান্ডারার্সের দুই ডিফেন্ডার নারায়ন ও সমীরকে বোকা বানিয়ে বল জালে জড়িয়ে দেন ভিক্টর। চার মিনিট পরই সমতা ফেরান ওয়ান্ডারার্সের নাইজেরিয়ান রিক্রুট ওদুগো হেনরি।
২২ মিনিটে ভিক্টরের গোলে আবার এগিয়ে যায় ব্রাদার্স। এবার গোলের উৎস তৈরী করে দেন মেরাক্কান হিশাম ইনানী। শুন্য ডিগ্রী কোন থেকে নেয়া ভিক্টরের মাটি কামড়ানো শটটি ছিল দেখার মত। এক মিনিট পরই নিজের হ্যাটট্রিক পূরণ করেন ভিক্টর। প্রতিপেক্ষর গোলরক্ষক টিটুকে কাটিয়ে বাঁ পায়ের শটে গোল করেন এই রাশিয়ান গোল মেশিন।
এই হ্যাট্রিকের সুবাদে ভিক্টর মোহামেডানের আলফাজ আহমেদের সাথে যৌথভাবে শীর্ষ গোলদাতার আসনে বসে গেলেন।
