মাইকেল ক্লার্কের অসাধারণ ইনিংসের উপর ভর করে অস্ট্রেলিয়া ৩১৪ রানে এগিয়ে
অস্ট্রেলিয়ান তরুন ব্যাটসম্যান মাইকেল ক্লার্কের ৯১ রানের অসাধারণ এক ইনিংসের উপর দাড়িয়ে সফরকারী অস্ট্রেলিয়া অ্যাশজ টেস্ট সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের বিরুদ্ধে সাত উইকেটে ২৯৭ রান তুলেছে। অস্ট্রেলিয়া ৩১৪ রানে এগিয়ে রয়েছে।
মাইকেল ক্লার্ক ১০৬ বল মোকাবেলা করে ৯১ রান করেন। তার এই ইনিংসে বাউন্ডারি ছিল ১৫টি। চতুর্থ উইকেট জুটি ক্লার্ক ও ডেমিয়েন মার্টিন ১৫৫ রান যোগ করেন। তবে ব্যক্তিগত ২১ রানের মাথায় ইংলিশ অলরাউন্ডার কেভিন পিটারসন ক্যাচ ফেলে দেয়ার কারণে তিনি আউট হওয়া থেকে রক্ষা পান।
ইংলিশ বোলার সাইমন জোন্স দিন শেষে কোনও উইকেট পাননি। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
পূর্বের দিনে সাত উইকেটে ৯২ রান স্কোর নিয়ে খেলতে নেমে ইংল্যান্ড দলের ইনিংস শেষ হয়ে যায় ১৫৫ রানেই। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে গড়া ১৯০ রান থেকেও ইংল্যান্ড ৩৫ রানে পিছিয়ে থাকে।
পিটারসন দলের পক্ষে সর্বোচ্চ ৫৭ রানের ইনিংস খেলেন। তিনি গ্লেন ম্যাগ্রার ওভারে চার বলে ১৫ রান করেন, তার এ ইনিংসে বিশাল একটি ছক্কার মার ছিল। তবে অপর প্রান্তে ম্যাথু হর্গাড রানের খাতা খোলার আগেই শেন ওয়ার্নের শিকারে পরিণত হন।
কিন্তু শেষ পর্যন্ত লেগ স্পিনার ওয়ার্নের বলে ডেমিয়েন মার্টিন ডিপ মিড উইকেটে দাড়িয়ে দশর্নীয়ভাবে ক্যাচ ধরে প্যাভিলিয়ানে ফিরিয়ে দেন পিটারসনকে।
এরপর জোন্স ও স্টিভ হার্মিসন শেষ উইকেট জুটিতে ৩৩ রান যোগ করেন। ব্যক্তিগত ১১ রানের মাথায় হার্মিসনকে অসি ফাস্ট বোলার ব্রেট লি আউট করেন।
অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংস ব্যাটিং করতে নেমেই ইংল্যান্ডের দূর্দান্ত ফিল্ডিংয়ের সামনে পড়ে ওপেনার জাস্টিন ল্যাঙ্গারের উইকেটটি হারায়। পিটারসনের ডাইরেক্ট থ্রোতে আউট হন তিনি। তবে অপর প্রান্তে হেইডেন ধৈর্য্যরে সাথেই খেলছিলেন।
কিন্তু একই দিকে পুল শর্ট খেলতে গিয়েই সর্বনাশ ডেকে আনেন। ব্যক্তিগত ৩৪ রানের মাথায় ফ্লিনটফের বল পুল করতে গেলে তিনি বোল্ড হয়ে যান।
এরপর তৃতীয় উইকেট জুটিতে ডেমিয়েন মার্টিন ও অসি অধিনায়ক রিকি পন্টিং ৪৬ রান স্কোরে যোগ করেন।
কিন্তু ব্যক্তিগত ৪২ রানের মাথায় দূর্বল শট খেলতে গিয়ে হর্গাডের বলে আউট হন।
ক্লার্ক এবং মার্টিন চা বিরতির পর আত্মবিশ্বাস ফিরে পান। স্টিভ হার্মিসনের বলে ব্যক্তিগত ৬৫ রানের মাথায় মার্টিন আউট হন।
