তিন দিনের ম্যাচে বাংলাদেশ এ দল ১৩০ রানে পরাজিত
ব্রিস্টলে বাংলাদেশ এ দল শুক্রবার গ্লোচেস্টারশায়ারের সাথে তিন দিনের ম্যাচে ১৩০ রানে পরাজিত হয়েছে।
গ্লোচেস্টারশায়ারের শ্রীলংকান বোলার মালিঙ্গা বান্দ্রা ৪৫ রানে পাঁচ উইকেট তুলে নিয়ে বাংলাদেশের দ্বিতীয় ইনিংস ১৮১ রান গুড়িয়ে দেয়।
মিডিয়াম ফাস্ট বোলার উইলিয়ামস রুজের কাছে উদ্বোধনী জুটি শাহরিয়ার নাফিস (২৯) ও মুশফিকুর রহমানকে (১৫) হারানোর পর বাংলাদেশ বান্দ্রা জালে আটকা পড়ে।
বান্দ্রা একে একে তুষার ইমরান (২৯), নাজিমউদ্দিন (৩৫), অলক কাপালি (০৮), মুশফিকুর রহিম (২৭) ও শাহাদত হোসেন রাজীবকে (০৪) তুলে নেয়।
গ্লোচেস্টারশায়ারের বোলার ফিশার ৩৩ রানের বিনিময়ে বাংলাদেশের বাকি তিন উইকেট দখল করে।
বাংলাদেশ শেষ পাঁচ উইকেট হারায় মাত্র ১৬ রানে।
তৃতীয় দিনে ৩ উইকেটে ১৫৯ রান নিয়ে খেলতে নেমে স্বাগতিক ক্লাব গ্লোচেস্টারশায়ার ৫ উইকেটে ৩৩০ রান করে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে। খেলার শেষ দিন ৩১২ রানের টার্গেট নিয়ে খেলতে নেমে বাংলাদেশ প্রয়োজনীয় রান তুলতে ব্যর্থ হয়।
ডানহাতি ব্যাটসম্যান এলেক্স গিডমান আগের দিনের ২২ রান নিয়ে খেলতে নেমে তার ফাস্ট ক্লাস ম্যাচে দ্বিতীয় শতরান পূর্ণ করেন ১১টি চার ও দুটি ৬ এর সাহায্যে। গিডম্যান এবং এডশেড (৪১) চতুর্থ উইকেট জুটিতে ১৭০ রানের একটি চমৎকার ইনিংস উপহার দিয়ে দলের ভিত্তি মজবুত করে দেয়।
