২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ম্যাকগ্রার বিধ্বংসী বোলিংয়ে ম্যাচে ফিরে এসেছে অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ান ফাস্ট বোলার গ্লেন ম্যাকগ্রা অ্যাশজ টেস্ট সিরিজের প্রথম ম্যাচেই ৫০০তম উইকেট পাওয়ার গৌরব অর্জন করেছেন এবং তার বিধ্বংসী বোলিংয়ের মুখে ম্যাচের প্রথম ইনিংসে ব্যাকফুটে ইংল্যান্ড। ১৯০ রানে অস্ট্রেলিয়ান ইনিংস গুটিয়ে যাওয়ার পর ইংলিশ ব্যাটসম্যান বধের মিশন নিয়ে মাঠে নামেন তিনি। প্রথম পাঁচটি শিকারই তার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2005, 10:13 AM

Updated : 26 Apr 2022, 05:54 PM

লর্ডসে ইংল্যান্ড দিন শেষে সাত উইকেটে ৯২ রান সংগ্রহ করেছে। ক্রিজে রয়েছেন কেভিন পিটারসন।

দিনের শুরুতে অসি ব্যাটসম্যানদের বিরুদ্ধে চমৎকার বোলিং করে ইংলিশ ফাস্ট বোলার স্টিভ হার্মিসন ৪৩ রানের বিনিময়ে তুলে নেন পাঁচ উইকেট। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

চা বিরতির পর ইংল্যান্ডের প্রথম ইনিংসে ম্যাকগ্রার একটি স্পেলেই প্রথম সারির ইংলিশ ব্যাটসম্যানরা যাওয়া আসার মিছিল শুরু করে।

মেঘাচ্ছন্ন আবহাওয়ায় অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ব্যাটিং করতে নামে। যে কারণে ইংলিশ বোলাররা কিছুটা হলেও বাড়তি সুবিধা পেয়েছে।

ইংল্যান্ডের অধিনায়ক মাইকেল ভন টসে হেরে অসি ব্যাটসম্যানদের অল্প রানের মধ্যে অলআউট করতে পেরে বেশ খুশিই হন।

ম্যাচের শুরু থেকেই অসি অপেনার ম্যাথু হেইডেন নার্ভাস ছিলেন। দলীয় ৩৫ রানের মাথায় তিনি ম্যাথু হগার্ডের বলে বোল্ড হয়ে প্যাভিলিয়ানে ফিরে যান।

অস্ট্রেলিয়ান অধিনায়ক রিকি পন্টিংয়ের ইনিংসটি ছিল ঘটনাবহুল। পন্টিং ব্যক্তিগত দ্বিতীয় বল মোকাবেলা করতে গিয়ে স্লিপে দাঁড়ানো কেভিন পিটারসনের হাতে ক্যাচ তুলে দেন। কিন্তু পিটারসন সেই ক্যাচ ধরে রাখতে পারেননি। এরপর হার্মিসনের বল পুল করতে গিয়ে বলটি আঘাত হানে তার হেলমেটে। নয় রানের মাথায় হার্মিসনের বলে স্ট্রাসের হাতে ক্যাচ তুলে দেন তিনি।

পরবর্তী তিন ওভারে অসি দলের আরও দু’টি উইকেটের পতন ঘটে।

অপর অসি ওপেনার জার্স্টিন ল্যাঙ্গারকে প্যাভিলিয়ানে ফিরিয়ে দেন ফ্লিনটফ। তিনিই ইনিংস সেরা ৪০ রান করেন।

সাইমন জোন্স নিজের প্রথম ওভারেই পান ডেমিয়েন মার্টিনের উইকেট। মার্টিন ব্যাক্তিগত দুই রানের মাথায় উইকেটকিপার গ্যারেন্ট জোন্সের হাতে ক্যাচ তুলে দিয়ে প্যাভেলিয়ানে ফিরে আসেন।

সকালের সেশনের শেষ উইকেটটি পান জোন্স। মাইকেল ক্লার্ককে এলবিডব্লিউ’র ফাঁদে ফেলে বিদায় করেন।

শেন ওয়ার্ন ও সাইমন কার্টিচ অস্ট্রেলিয়ার পক্ষে সর্বোচ্চ ৪৯ রানের জুটি গড়ে তোলেন।

শেন ওয়ার্নকে আউট করেন হার্মিসন এবং মাত্র দুই বল পর কার্টিচও আউট হন।

৪১ ওভারের মধ্যেই অস্ট্রেলিয়ানদের প্রথম ইনিংস থেমে যায়।

ইংল্যান্ড দলের অপেনার এন্ড্রু স্ট্রাস ও মার্কাস ট্রেসকথিক প্রথম পাঁচ ওভার জুটি বেঁধে ক্রিজে টিকে থাকেন। কিন্তু তাদের উভয়কে ব্যাটিং ঝড় তোলার আগেই প্যাভিলিয়ানে পাঠিয়ে দেন ম্যাকগ্রা। ট্রেসকোথিককে আউট করে তিনি টেস্ট ক্রিকেটে ৫০০ উইকেটের মালিক হন।

অভিজ্ঞ বোলার ম্যাকগ্রা এরপর একে একে ফিরিয়ে দেন ইংল্যান্ড অধিনায়ক মাইকেল ভন, ইয়ান বেল এবং ফ্লিনটফকে।

দলীয় ২১ রানে পাঁচ উইকেট হারানোর পর পিটারসন এবং গ্যারেন্ট জোন্স দলের হাল ধরেন।

ব্রেট লী জোন্সকে ব্যাক্তিগত ৩০ রানের মাথায় উইকেটকিপার গিলক্রিস্টের হাতে ক্যাচ তুলে দিতে বাধ্য করেন। পিটারসন ও জোন্স দলের জন্য মূল্যবান ৫৮ রানের জুটি গড়েন।

ক্রিজে রয়েছেন পিটারসন।