শ্রীলংকা সফরে বাংলাদেশ জাতীয় দলের জন্য বোলিং কোচ নিয়োগ করবে বিসিবি
বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেপ্টেম্বরে শ্রীলংকা সফরে জাতীয় দলে একজন বোলিং কোচ নিয়োগ করবে। এই লক্ষ্যে বেশ কয়েকজন কোচের সাথে ইতিমধ্যে যোগাযোগও করেছে বোর্ড।
গুলশানস্থ বিসিবি কার্যালয়ে মঙ্গলবার বোর্ড সভা শেষে এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। সভায় বর্তমানে অসুস্থ জাতীয় কোচ ওসমান খানের চিকিৎসার জন্য দুই লাখ টাকা আর্থিক সাহায্য প্রদানের ব্যাপারেও সিদ্ধান্ত গৃহিত হয়।
এছাড়া ইংল্যান্ডে বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঐতিহাসিক জয়ে জাতীয় দলের খেলোয়াড়দের চার লাখ টাকা বোনাস দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়।
২৫ থেকে ২৬ আগস্ট দুবাইতে অনুষ্ঠেয় আইসিসি সামিটে বিসিবি উপদেষ্টা ও ক্রিকেট অপারেশন চেয়ারম্যান মাহবুব আনাম ও সিইও মকবুল দুদিয়ার অংশগ্রহণের ব্যাপারে সভায় সিদ্ধান্ত গৃহিত হয়। দু’দিন ব্যাপী দুবাই সম্মেলনে আগামী ছয় বছরের ক্রিকেটসূচী নির্ধারিত হবে।
সভায় জানানো হয়, ভারতের সিদ্ধান্ত জানার পর বাংলাদেশ, জিম্বাবুয়ে এবং কেনিয়াকে নিয়ে ত্রিদেশীয় সিরিজের তারিখ নির্ধারিত করবে বিসিবি।
বিবৃতিতে জানানো হয়, ক্রিকেট বোর্ড বাংলাদেশের ক্রিকেটের সব ধরনের তথ্য সংরক্ষণের জন্য একজন হিস্টোরিয়ান নিয়োগ করবে। ২৪ জুলাই ইস্পাহানি জাতীয় ক্রিকেট লিগের পুরস্কার বিতরনী অনুষ্ঠানের তারিখ ঘোষনা করা হয়।
