২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বুধবার থেকে শুরু হচ্ছে স্ট্যান্ডার্ড চাটার্ড স্কুল দাবা টুর্নামেন্ট

বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে ও স্ট্যান্ডার্ড চাটার্ড ব্যাংকের পৃষ্ঠপোষকতায় জাতীয় ক্রীড়া পরিষদ ও ফেডারেশনের হলরুমে বুধবার থেকে শুরু হচ্ছে সপ্তম স্ট্যান্ডার্ড চাটার্ড স্কুল দাবা টুর্নামেন্ট। টুর্নামেন্টে ৫০টি স্কুলের ৩২ জন বালিকাসহ প্রায় ২০০ দাবাড়ু অংশ নেবে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2005, 06:38 PM

Updated : 26 Apr 2022, 05:53 PM

জাতীয় ক্রীড়া পরিষদ সম্মেলন কক্ষে মঙ্গলবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ সুজাউদ্দিন আহমেদ। স্ট্যান্ডার্ড চাটার্ড ব্যাংকের কর্পোরেট অ্যাফেয়ার্স প্রধান শাহ মাসুদ ইমাম ও ব্যাংকের কর্মকর্তা রিয়াদ সাদুল্লাহ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

সুইস লিগ পদ্ধতিতে টুর্নামেন্টে প্রতিযোগীরা তিনটি গ্রুপে বিভক্ত হয়ে লড়বেন। গ্রুপগুলো হচ্ছে-গ্রুপ এ (কেজি থেকে ৫ম শ্রেনী), গ্রুপ বি (৬ষ্ঠ থেকে ১০ম শ্রেনী) এবং গ্রুপ সি (বালিকা)।

সংবাদ সম্মেলনে সৈয়দ সুজাউদ্দিন আহমেদ জানান, টুর্নামেন্টে অংশ নিতে ভারত, নেপাল, শ্রীলংকা এবং মায়ানমারকে আমন্ত্রণ জানানো হলেও শুধুমাত্র ভারত তাদের আমন্ত্রণে সাড়া দিয়েছে। তিনি আরও বলেন, টুর্নামেন্টে অংশগ্রহনের জন্য মায়ানমার বিমান ভাড়া দাবি করে এবং শ্রীলংকা শেষ মুহূর্তে অংশ নেবে না বলে জানিয়েছে।

প্রতিযোগিতায় কলকাতার নয়জন খেলোয়াড় অংশ নেবে বলে জানান ফেডারেশনের সাধারণ সম্পাদক। এরা হলেন-সুকন্যা দত্ত, মোহনা সেনগুপ্তা, সৌরিক চ্যাটার্জী, বিতান বন্দোপাধ্যায়, নিলাভ্র দত্ত, আভ্রতনু দত্ত, স্বাতি মজুমদার, সায়ন মজুমদার এবং সানমিত্রা গুহ।

পুরস্কার স্বরূপ তিন গ্রুপের বিজয়ীদের ৫৮ হাজার পাঁচশ’ টাকা প্রাইজমানি এবং ট্রফি দেয়া হবে।

পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের পক্ষ থেকে শাহ মাসুদ ইমাম টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতার সুযোগ দেয়ার জন্য বাংলাদেশ দাবা ফেডারেশনকে ধন্যবাদ জানান।

তিনি বলেন, আমরা সবসময়ই তরুন খেলোয়াড়দের প্রতিভা বিকাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেই, এরই ফলশ্রুতিতে আমরা দাবার পৃষ্ঠপোষকতা করছি। ভবিষ্যতেও আমরা এই ধরনের সহযোগিতা অব্যাহত রাখব।