২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জিম্বাবুয়েতে ক্রিকেট সফরের পক্ষে নিউজিল্যান্ড সরকার

জিস্বাবুয়েতে ক্রিকেট দলের নির্ধারিত সফরের বিপক্ষে জনমত গঠিত হলেও নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী হেলেন ক্লার্ক সোমবার জানিয়ে দিয়েছেন যে, জাতীয় দলের সফর অব্যাহত থাকবে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2005, 12:59 PM

Updated : 26 Apr 2022, 05:53 PM

ক্লার্ক বলেন, রবার্ট মুগাবে শাসনামলে জিম্বাবুয়ের মানবাধিকার ব্যাপকভাবে লঙ্ঘিত হওয়ায় তার সরকার এর তীব্র প্রতিবাদ জানায়। কিন্ত এ অজুহাতে নিউজিল্যান্ড ক্রিকেট দলের নির্ধারিত সফর বাতিল করার কোনও যুক্তিযুক্ত কারণ নেই। এ সফর নীতিগতভাবে অন্যায় তা প্রমাণের জন্য পার্লামেন্টে কোন আইনও পাশ করার প্রয়োজন নেই।

জরুরি ভিত্তিতে জাতীয় ক্রিকেট দলকে অন্য দেশ সফর থেকে বিরত রাখতে একটি আইন পাশ করা প্রয়োজন বলে সরকারের কাছে যে প্রস্তাব করা হয়েছিল তারই জবাবে ক্লার্ক এই মন্তব্য করেন।

ওয়েলিংটন ডোমিনিয়ন পোস্ট পত্রিকার এক জরিপে দেখা যায়, আগামী আগস্ট-সেপ্টেম্বরে জিম্বাবুয়ে সফর হবে নীতিগতভাবে অন্যায় এবং তা বন্ধ করার পক্ষে অভিমত ব্যক্ত করেছেন শতকরা ৫৩ জন। আর সফরের বিরোধিতা করেছেন শতকরা ৪১ জন এবং ১০৫৫ জন উত্তরদাতাদের মধ্যে শতকরা ছয়জন এ ব্যাপারে কোনও মতামত দেননি।

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের নির্ধারিত সময়সূচি মেনে চলতে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড আগ্রহী। এ সফর বাতিল করলে তাদেরকে বিশাল আর্থিক জরিমানার মুখোমুখি হতে হবে।

আইসিসি বলেছে, কেবলমাত্র নিরাপত্তাজনিত কারণে কোনও জরিমানা ছাড়া এ সফর বাতিল করা যেতে পারে।

নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড তাদের নিরাপত্তা বিশেষজ্ঞদের মতামত নিয়ে জানিয়েছে, জিম্বাবুয়েতে নিরাপত্তা বিঘ্নিত হওয়ার কোনও কারণ নেই এবং অন্য কোনও অজুহাতে সফর বন্ধ রাখার মত অবস্থার সৃষ্টি হয়নি।