শ্রীলংকা সফরের জন্য প্রাথমিক দলে নতুন মুখ রাসেল
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) মঙ্গলবার শ্রীলংকা সফরের জন্য ২৩ সদস্যের প্রাথমিক দলের নাম ঘোষণা করেছে। দলে এক মাত্র নতুন মুখ সৈয়দ রাসেল।
ফারুক আহমেদের নেতৃত্বাধীন নির্বাচকমণ্ডলী ইংল্যান্ড সফরকারী দলের ২০ সদস্যসহ অলোক কাপালী, আব্দুর রাজ্জাক ও সৈয়দ রাসেলকে প্রাথমিক দলে অন্তর্ভূক্ত করেছেন।
প্রধান নির্বাচক ফারুক আহমেদ বলেন, দলে বৈচিত্র্য আনার লক্ষ্যেই আমরা বাহাতি রাসেলের নাম বিবেচনায় এনেছি। সে উভয় দিকে বল টার্ন করাতে পারে। এছাড়া ঘরোয়া ক্রিকেটে তার পারফরমেন্সও উল্লেখ করার মত।
তিনি আরও বলেন, তারা বেশ কয়েক মাস ধরে রাসেলকে পর্যবেক্ষণ করছিলেন।
বাহাতি পেসার রাসেল অস্ট্রেলিয়ায় প্রশিক্ষণ নিয়েছেন এবং যুবদলের হয়ে বেশ কয়েকটি দেশও সফর করেছেন।
২১ বছর বয়সী এই মিডিয়াম ফাস্ট বোলার এখন বাংলাদেশ এ দলের হয়ে ইংল্যান্ড সফরে রয়েছেন। ২১টি প্রথম শ্রেণীর ম্যাচে তার শিকার সংখ্যা ৫২। ৬৭ রানে ৮ উইকেট তার সেরা পারফরম্যান্স।
প্রধান নির্বাচক ফারুক অলোক কাপালী সম্পর্কে বলেন, অলোকের প্রতিভা নিয়ে আমাদের কোনও সন্দেহ নেই। সময়টা তার খারাপ যাচ্ছে। কিন্তু সম্প্রতি সে আবারও ছন্দ ফিরে পেতে শুরু করেছে।
তিনি আরও বলেন, আগামী ১০ আগস্ট নির্বাচক কমিটি ১৫ সদস্যবিশিষ্ট চূড়ান্ত দল ঘোষণা করবে।
তবে চূড়ান্ত দল ঘোষণায় আর কোনও চমকের সম্ভাবনা তিনি একেবারে উড়িয়ে দেননি।
এ ব্যাপারে তিনি বলেন, চূড়ান্ত দলে কোনও চমক থাকবে কি থাকবে না এ ব্যাপারে এখনই কিছু বলতে পারছি না।
জাতীয় দল মাসব্যাপী সফরে ২৫ আগস্ট শ্রীলংকার উদ্দেশ্যে রওনা হবে। টাইাগাররা সফরে শ্রীলংকার বিরুদ্ধে তিনটি একদিনের ম্যাচ ও দুটি টেস্ট ম্যাচ খেলবে।
প্রাথমিক স্কোয়াড: হাবিবুল বাশার, খালেদ মাসুদ, খালেদ মাহমুদ, জাভেদ ওমর, মোহাম্মদ আশরাফুল, মোহাম্মদ রফিক, রাজিন সালেহ, মাশরাফি বিন মোর্তজা, তাপস বৈশ্য, নফিস ইকবাল, আফতাব আহমেদ, মাঞ্জারুল ইসলাম রানা, এনামুল হক জুনিয়র, আব্দুর রাজ্জাক, শাহরিয়ার নাফিস, নাজমুল হোসেন, শাহদাৎ হোসেন রাজীব, সৈয়দ রাসেল, আনোয়ার হোসেন মুনীর, তালহা জুবায়ের, মুশফিকুর রহিম, তুষার ইমরান এবং অলোক কাপালী।
