প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগের দ্বিতীয় পর্ব শুরু হচ্ছে বৃহস্পতিবার
ঢাকা মহানগর ফুটবল লিগ কমিটি সোমবার প্রিমিয়ার ব্যাংক প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগের দ্বিতীয় পর্বের ফিক্সচার ঘোষনা করেছে।
দ্বিতীয় পর্বের উদ্বোধনী ম্যাচে বৃহস্পতিবার মুখোমুখি হবে মোহামেডান স্পোর্টিং ক্লাব ও দিপালী যুব সংঘ।
২৭ আগস্ট মোহামেডান স্পোর্টিং ক্লাব ও ব্রাদার্স ইউনিয়ন ম্যাচ দিয়ে লিগ শেষ হবে।
লিগের প্রথম পর্বে প্রতিদিন একটি ম্যাচ অনুষ্ঠিত হলেও দ্বিতীয় পর্বে প্রতিদিন দু’টি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। ফলে এ পর্বে দলগুলো বিশ্রামের কোন সুযোগ পাবেনা।
বর্তমান চ্যাম্পিয়ন ব্রাদার্স ইউনিয়ন এই পর্বে তাদের প্রথম ম্যাচ খেলবে শুক্রবার ঢাকা ওয়ান্ডারার্সের বিরুদ্ধে। ২৩ জুলাই ইয়ংমেন্স ফকিরেরপুল ক্লাবের বিরুদ্ধে মাঠে নামবে মুক্তিযোদ্ধা সংসদ। দ্বিতীয় পর্বে আবাহনী লিমিটেড ২৪ জুলাই প্রথম ম্যাচে আরামবাগ ক্রীড়া চক্রের মুখোমুখি হবে।
দ্বিতীয় পর্বে ৯ আগস্ট আবাহনী বনাম মুক্তিযোদ্ধা, ১৫ আগস্ট মোহামেডান বনাম আবাহনী এবং ১৬ আগস্ট মোহামেডান বনাম মুক্তিযোদ্ধা তিনটি বড় ম্যাচ অনুষ্ঠিত হবে।
