২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আন্তঃ ক্লাব ফুটবলারদের দলবদল সোমবার থেকে, ক্লাবগুলোর মিশ্র প্রতিক্রিয়া

ঢাকার ফুটবল ক্লাবগুলোর মধ্যে খেলোয়াড় বদল কার্যক্রমের দ্বিতীয় পর্যায় শুরু হচ্ছে সোমবার থেকে। এই দল বদল চলবে তিনদিন ব্যাপী। কিন্তু এ ব্যাপারে কিছু ক্লাবের আগ্রহ থাকলেও লিগের মাঝপথে এই খেলোয়াড় বদল কার্যক্রম নিয়ে বেশ কয়েকটি ক্লাবের মধ্যে অনাগ্রহও রয়েছে। সব মিলিয়ে কার্যক্রমটির সফলতা নিয়ে ইতিমধ্যে সন্দেহ দেখা দিয়েছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2005, 08:25 PM

Updated : 26 Apr 2022, 05:53 PM

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অবস্থিত ঢাকা মহানগর ফুটবল লিগ কমিটির কার্যালয়ে সোমবার থেকে শুরু হতে যাওয়া এই আন্তঃ ক্লাব খেলোয়াড় বদল কার্যক্রম সম্পর্কে ক্লাবগুলোও মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে।

প্রতিভাবান ফুটবলারদের বেশি সুযোগ দেয়া এবং প্রথম পর্যায়ের দল বদলে যেসব ক্লাব খুব একটা লাভবান হতে পারেনি বিশেষ করে সেসব দুর্বল দলগুলো যাতে করে নিজেদের শক্তি বৃদ্ধি করতে পারে মূলত সেই লক্ষ্যেই বাংলাদেশ ফুটবল ফেডারেশন প্রথমবারের মত দেশে আন্তঃ ক্লাব খেলোয়াড় বদল কার্যক্রম শুরু করতে যাচ্ছে।

শীর্ষস্থানীয় ক্লাবগুলোর মধ্যে এবারের লিগের পয়েন্ট তালিকার শীর্ষ দল মোহামেডান স্পোর্টিং ক্লাব একজন করে মিডফিল্ডার ও স্ট্রাইকার দলে টেনে নিজেদের দুর্বলতা দুর করার চিন্তা ভাবনা করছে, অন্যদিকে গতবারের রানার্স আপ শেখ রাসেল ক্রীড়া চক্রও মিডফিল্ডার চাইলেও দল থেকে ছেড়ে দিতে চাচ্ছে বেশ কয়েকজন ফুটবলারকে।

মোহামেডান ম্যানেজার ইমতিয়াজ সুলতান জনি বিডিনিউজকে জানান, আমাদের একজন মিডফিল্ডার ও স্ট্রাইকার প্রয়োজন এবং এ ব্যাপারে আমারা অন্যদের সাথে আলোচনাও চালিয়ে যাচ্ছি। জানি না আমরা কতটা সফল হতে পারব।

নিজেদের দলে ফুটবলারের প্রয়োজন হলেও কোন খেলোয়াড় ছেড়ে দেয়ার চিন্তাভাবনা করছে না সাদা কালো শিবির। তাছাড়া খেলোয়াড়ের জন্য কোন ক্লাব এখন পর্যন্ত তাদের সাথে যোগাযোগ করেনি বলে জানালেন সাবেক জাতীয় এই ফুটবলার।

জনি মনে করেন, যেসব ক্লাব সবসময় দেশের জন্য নতুন নতুন খেলোয়াড় তৈরী করে তাদের জন্য উৎসাহব্যঞ্জক হতে পারে এই উদ্যোগ।

শেখ রাসেল ক্রীড়া চক্রের কোচ আবু ইউসুফ জানান, দলের মাঝ মাঠের জন্য বেশ কয়েকজন খেলোয়াড় দরকার আর বিষয়টি ক্লাব ম্যানেজম্যান্টকেও জানানো হয়েছে। তাছাড়া ম্যানেজম্যান্টও চাচ্ছে কিছু খেলোয়াড় ছেড়ে দিতে।

ইউসুফ বলেন, আমরা এই পদ্ধতির সাথে পরিচিত নই বিধায় একরাতের মধ্যেই আন্তঃ ক্লাব খেলোয়াড় বদল সবার কাছে গ্রহনযোগ্য হবে না। তবে পেশাদার লিগের জন্য এই পদ্ধতি বেশি কার্যকর হবে।

এদিকে গতবারের লিগ চ্যাম্পিয়ন ব্রাদার্স ইউনিয়ন, আবাহনী লিমিটেড ও মুক্তিযোদ্ধা সংসদ মনে করছে যেহেতু এখন পর্যন্ত ক্লাবগুলো একে অন্যকে খেলোয়াড়দের ব্যাপারে জানাতে পারেনি তাই ক্লাবগুলো খেলোয়াড়ও ছাড়বে না।

বিডিনিউজের সাথে আলাপকালে ব্রাদার্স ম্যানেজার আমের খান বলেন, দলে কোন খেলোয়াড় নেয়া বা ছেড়ে দেয়ার চিন্তাভাবনা আমাদের নেই। আমরা এ ব্যাপারে কারও সাথে যোগাযোগ করিনি কোন অন্যরাও আমাদের সাথে যোগাযোগ করেনি।

ব্রাদার্স ইউনিয়নের ম্যানেজার আরও বলেন, বাংলাদেশের প্রেক্ষাপটে যেখানে এখনও ফুটবলে পেশাদারিত্ব চালু হয়নি সেখানে লিগের মাঝপথে এই খেলোয়াড় বদল কার্যক্রম শুরু করা ঠিক হয়নি।

আবাহনীর ম্যানেজার সত্যজিত দাস রূপু বিডিনিউজের কাছে বিষয়টি সম্পর্কে কোন মন্তব্য না করলেও পাল্টা প্রশ্ন করেন, আবাহনী যদি মোহামেডান অথবা ব্রাদার্সের কাছে খেলোয়াড় চায় তাহলে কি তারা খেলোয়াড় দেবে? দল বদলের পর তিনি এ বিষয়ে মন্তব্য করবেন বলে জানান রূপু।

মুক্তিযোদ্ধা সংসদের ম্যানেজার আব্দুস সাত্তার জানান, দলের রিজার্ভ বেঞ্চের অবস্থা খুবই শক্তিশালী, সুতরাং তারা এই দল বদল কার্যক্রমে অংশ নেবে না।