মুরলি ও ভাসের বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শ্রীলঙ্কার বড় জয়
কাধেঁর ইনজুরি নিয়ে এক বছর পর টেস্ট ক্রিকেটে ফেরা মুত্তিয়া মুরলিধরনের ছয় উইকেট ও বাহাতি ফাস্ট বোলার চামিন্দা ভাসের অলরাউন্ড পারফম্যান্সের সুবাদে সফরকারী ওয়েস্টইন্ডিজকে ছয় উইকেটে হারিয়েছে শ্রীলঙ্কা। এ জয়ের ফলে দুই ম্যাচের সিরিজে শ্রীলঙ্কা ১ - ০ তে এগিয়ে গেল।
জয়ের জন্য ১৭২ রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে মাত্র চার উইকেট হারিয়ে শ্রীলঙ্কা জয়ের সীমানায় পৌঁছে যায়। অবশ্য ম্যাচের এক পর্যায়ে ৪৯ রানে তিন উইকেট হারিয়ে চাপের মধ্যে পড়ে স্বাগতিকরা। জার্মেইন লসন পর পর দু’বলে বাহাতি ওপেনার জয়সুরিয়া (১৫) ও উইকেটকিপার ব্যাটসম্যান সাঙ্গাকারাকে (০) ফিরিয়ে দেন। ক্যাপ্টেন আতাপাত্তু আউট হন ২৮ রানে। তিনিও লসনের শিকার। শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংসের চারটি উইকেটই দখল করেন তিনি।
খুব তাড়াতাড়িই স্বাগতিকরা প্রাথমিক ধাক্কা কাটিয়ে ওঠে। চতুর্থ উইকেট জুটিতে মাহেলা জয়বর্ধনে ও থিলান সামারাভীরা ৮৬ রান যোগ করে ম্যাচে স্বাগতিকদের চিন্তামুক্ত করে। সামারাভীরা ৫১ রান করে জার্মেইনের বলে এলবিডব্লিউ হয়ে আউট হয়ে গেলেও অপর ব্যাটসম্যান জয়বর্ধনে ৪১ রান করে অপরাজিত থাকেন। আর জয়সূচক রানটি আসে তিলকরত্মে দিলশানের ব্যাট থেকে। টিনো বেস্টের বলে স্ট্রেট ড্রাইভ করে দিলশানের (৩০) বাউন্ডারির সুবাদে দল শ্রীলঙ্কা জয়ের লক্ষ্যে পৌঁছে যায়।
টেস্ট ক্রিকেটে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ উইকেটধারী অফস্পিনার মুরলিধরন পাঁচ উইকেট শিকারের সংখ্যা ৪৫-এ উন্নীত করেন। কাধেঁর ব্যথার কারণে তিনি প্রায় এগার মাস ক্রিকেটের বাইরে ছিলেন।
তবে দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজকে ১১৩ রানে অলআউট করে দেয়ার পিছনে বাহাতি ফাস্ট বোলার চামিন্দা ভাসের অবদান একেবারে কম নয়। ওয়েস্ট ইন্ডিজের টপ অর্ডারকে গুড়িয়ে দেয়ার কাজটিই করেন তিনি। দ্বিতীয় ইনিংসে চার উইকেট শিকারসহ দু’ইনিংসে তার শিকার সাত উইকেট। আর প্রথম ইনিংসে দলের সর্বোচ্চ ইনিংসটিও ছিল ভাসেরই।
ম্যাচে সাত উইকেট ও প্রথম ইনিংসে ৪৯ রান করার সুবাদে ভাস ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টটি ক্যান্ডিতে ২২ জুলাই থেকে শুরু হবে।
