প্রিমিয়ার ফুটবলে আরামবাগের সাথে ড্র করল দিপালী
প্রিমিয়ার ব্যাংক প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগে শনিবার শেষ দুই মিনিটের ম্যাজিকে আরামবাগ ক্রীড়া চক্রের সাথে ২ - ২ গোলে ড্র করেছে নবাগত দিপালী যুব সংঘ।
ম্যাচের ৩৮ ও ৪২ মিনিটে যথাক্রমে ঘানসা ও মোরশেদের গোলে এগিয়ে ছিল আরামবাগ। কিন্তু শেষ বাঁশি বাজার দুই মিনিট আগে রুবেল একাই দুই গোল পরিশোধ করলে আরামবাগের পয়েন্টে ভাগ বসাতে সক্ষম হয় দিপালী। নয় ম্যাচে আরামবাগের সংগ্রহ ১০ পয়েন্ট। অন্যদিকে দিপালীর পয়েন্ট মাত্র দুই।
পেনাল্টি থেকে প্রথম গোল করে আরামবাগকে এগিয়ে দেন ঘানসা। দিপালীর গোলসীমানার মধ্যে তাদের ডিফেন্ডার দৌলত হাত দিয়ে আরামবাগের কল্লোলের একটি শট আটকে দিলে রেফারী পেনাল্টির বাঁশি বাজান। ৪২ মিনিটে আরামবাগের দ্বিতীয় গোলটির উৎসও তৈরী করে দেন কল্লোল। ডান দিক থেকে তার বাড়িয়ে দেয়া ক্রস থেকে বল পেয়ে গোলসংখ্যা দ্বিগুন করেন মোরশেদ।
৮৯ মিনিটে দৌলতের পাস থেকে বল পেয়ে ব্যবধান কমান দিপালীর রুবেল। বাঁ দিক থেকে রুবেলের নেয়া কোনাকুনি শটটি ঠেকানোর কোন সুযোগই ছিল না আরামবাগের গোলরক্ষকের। অতিরিক্ত সময়ে আবার আরামবাগের গোলরক্ষক শাকিলের মাথার বল জালে পাঠিয়ে দিয়ে সমতা ফেরান রুবেল।
রোববার লিগের প্রথম পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হবে ব্রাদার্স ইউনিয়ন ও শেখ রাসেল ক্রীড়া চক্র।
