২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুরালির ঘূর্ণিতে ১১৩ রানেই অলআউট ওয়েস্ট ইন্ডিজ

কলম্বো টেস্টের চতুর্থদিনের প্রথম সেশনে স্পিন জাদুকর মুত্তিয়া মুরালিধরনের ঘূর্ণিতে সফরকারী ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংস শেষ হয় মাত্র ১১৩ রানে। ১৭২ রানের জয়ের টার্গেট নিয়ে খেলতে নেমে লাঞ্চের আগে শ্রীলঙ্কা পাঁচ ওভারে কোন উইকেট না হারিয়ে ২৫ রান সংগ্রহ করেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2005, 01:53 PM

Updated : 26 Apr 2022, 05:52 PM

প্রথম ইনিংসে নামের প্রতি সুবিচার করতে না পারলেও টেস্ট ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ উইকেটধারী মুরলিধরন এ ইনিংসে উইকেট নিতে খুব বেশি দেরী করেননি। ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংসের শেষ পাঁচটি উইকেটসহ ছয় উইকেট নিয়েছেন মাত্র ৩৬ রান খরচ করে।

তবে ওয়েস্ট ইন্ডিজের ইনিংস ধস নামিয়েছিলেন  বা’হাতি ফাস্ট বোলার চামিন্দা ভাস। তিনি টপ অর্ডারের মার্শাল, মর্টন, দিওনারাইন ও স্মিথকে আউট করেন মাত্র ১৫ রানের বিনিময়ে। ম্যাচে তার শিকার ৭ উইকেট।

আগের দিনের ছয় উইকেটে ৫৯ রান নিয়ে খেলতে নেমে সফরকারী ওয়েস্ট উইন্ডিজ শেষ চার উইকেটে মাত্র ৪৫ রান করতে সক্ষম হয়। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসের দলের সর্বোচ্চ স্কোরার অধিনায়ক শিবনারায়ন চন্দরপাল ছাড়া কেউ ভালো করতে পারেননি। দল অলআউট হয়ে গেলেও অপরপ্রান্তে চন্দরপাল ৪৯ রানে অপরাজিত থেকে যান। 

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা চতুর্থ দিনের লাঞ্চের আগে পাঁচ ওভারে ২৫ রান সংগ্রহ করে কোন উইকেট না হারিয়েই। দুই উদ্বোধনী ব্যাটস্ম্যান জয়সুরিয়া ও আতাপাত্তু ব্যাট করছেন যথাক্রমে ৯ ও ১৫ রান নিয়ে।