ভাল ফলাফলের আশা নিয়ে শুক্রবার রাতে ইংল্যান্ড যাত্রা করছে এ দল
জাতীয় ক্রিকেট দলের মত ভাল কিছু করার স্বপ্ন নিয়ে বাংলাদেশ এ দল শুক্রবার রাতে ইংল্যান্ড সফরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করছে।
বাংলাদেশ দলের কোচ শন জিওফ্রে উইলিয়ামস শুক্রবার স্থানীয় একটি হোটেলে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে বলেন, আমরা অবশ্যই ইতিবাচক কিছু করার চেষ্টা করব। আর আশা করছি এ সফরে ক্রিকেটরারা প্রত্যাশিত মান অনুযায়ী খেলতে পারবে।
এ দলের নির্বাচক ও ম্যানেজার গোলাম নওশের প্রিন্স এবং অধিনায়ক শাহরিয়ার নাফিস আহমেদ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
এ দল ইংল্যান্ডে গ্লোচেষ্টশ্যায়ার, গ্ল্যামারগন, ইয়র্কশায়ার, সারে এবং কেন্ট এই পাঁচটি কাউন্টি দলের বিপক্ষে একটি করে তিন দিনের ম্যাচ এবং ব্রিটিশ ইউনিভার্সিটি, হ্যাম্পশায়ার, ল্যাঙ্কাশায়ার এবং ডারহামের বিপক্ষে একটি করে মোট চারটি ওয়ানডে ম্যাচ খেলবে।
১৮ জুলাই অক্সফোর্ড পার্কে ব্রিটিশ ইউনিভার্সিটির বিপক্ষে খেলার মধ্যে দিয়ে তারা ট্যুর শুরু করবে এবং ১৬ আগস্ট কেন্টাবুরিতে কেন্টের বিপক্ষে খেলার মধ্যে দিয়ে ট্যুর শেষ করবে।
বিকেএসপিতে ছয় সপ্তাহের অনুশীলন নিয়ে সন্তোষ প্রকাশ করে দলের কোচ শন জিওফ্রে উইলিয়ামস বলেন, আমি ক্যাম্পে সব খেলোয়াড়কে যদিও একসাথে পাইনি কিন্তু খেলোয়াড়রা একজন অপরজনকে ভালোভাবেই চেনে এবং তারা একজন আরেকজনকে সহায়তা করবে। কাজেই আমার মনে হয় সবাইকে একসাথে ক্যাম্পে না পেলেও ম্যাচে কোনও সমস্যা হবে না।
দলের অধিনায়ক শাহরিয়ার নাফিস বলেন, ইংল্যান্ড সফরে আমরা টেস্ট ম্যাচগুলোতে ভাল করতে পারিনি কাজেই এবার আমাদের লক্ষ্য থাকবে কি করে তিন দিনের ম্যাচগুলোতে ভাল করা যায়। নাফিস জানান, প্রতিপক্ষ নিয়ে আমরা খুব একটা চিন্তিত নই, যদি আমরা ব্যাটিং বোলিং এবং ফিল্ডিং সব দিক দিয়ে ভাল করতে পারি তাহলে আমরা অবশ্যই ভাল ফল পাব।
দল সম্বন্ধে বলতে গিয়ে নাফিস বলেন, তরুণ এবং অভিজ্ঞদের নিয়ে এটি একটা ব্যালেন্স টিম।
নাফিস বলেন, সাম্প্রতিক সময়ে জাতীয় দলের ইংল্যান্ড সফরের পর এ সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
ইংল্যান্ড সফরে ২১ জনের দলে ১৫ জন খেলোয়াড় ও ছয়জন কর্মকর্তা থাকছেন।
বাংলাদেশ এ দল: শাহরিয়ার নাফিস আহমেদ, নাফিস ইকবাল, তুষার ইমরান, অলোক কাপালি, মেহরাব হোসেন, নাজিমউদ্দিন, হাসানুজ্জামান, মুশফিকুর রহমান, আলমগীর কবির, তালহা জুবায়ের, সৈয়দ রাসেল, এনামুল হক জুনিয়র, এবং আব্দুর রাজ্জাক।
কর্মকর্তা : শন জিওফ্রে উইলিয়ামস (কোচ), গোলাম নওশের (অপরাশেনাল ম্যানেজার, নুরুল আবেদিন নোবেল, (সহকারি কোচ), থিও টিমোথি পিকলম( ট্রেনার), মোহাম্মাদ সালাহউদ্দিন, (কম্পিউটার এনালিস্ট) এবং সাম বায়ার্ন (ফিজিও)।
