ব্যর্থতা স্বীকার করলেন হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক
দীর্ঘ চার মাসের বেশি সময় পর ঢাকায় ফিরে আসা জাতীয় হকি দলের পাকিস্তানি কোচ কামার ইব্রাহিমের দেয়া বক্তব্যে সন্তোষ প্রকাশ করেছেন বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক শামসুল বারী।
সাধারণ সম্পাদক শামসুল বারী বৃহস্পতিবার কোচ কামার এবং ফিজিও এরশাদ হায়দারের সাথে আলোচনা শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে জানান, এটা সত্যি যে ফেব্র“য়ারিতে কামার যখন দেশে অবস্থান করছিল তখন আমরা তাকে কোন কাজ দিতে পারিনি। সে (কামার) নিজেও গত কয়েক মাস যাবত তার বাবার অসুস্থতার জন্য সমস্যার মধ্যে ছিল।
শামসুল বারী বলেন, এই মূহুর্তে আর কোনও সমস্যা নেই। বিকেএসপিতে অনুর্ধ্ব ১৮ হকি টুর্নামেন্ট শেষ হওয়ার পরই কামার জাতীয় দলের দায়িত্ব বুঝে নেবেন।
আলোচনায় হকি ফেডারেশনের যুগ্ম সম্পাদক রহমতউল্লাহ এবং বরখাস্ত হওয়া কোষাধ্যক্ষ হাজী মনোয়ার উপস্থিত ছিলেন।
চার মাস পর মঙ্গলবার ঢাকায় ফিরে কামার ইব্রাহিম সাংবাদিকদের জানান, ঢাকায় অবস্থানের সময় ফেডারেশন তাকে কোন কাজ দিতে পারেনি, আর তাছাড়া ফেডারেশনের সভাপতির অনুমতি সাপেক্ষেই তিনি পাকিস্তানে গিয়েছিলেন। বাবার অসুস্থতার জন্য তাকে কয়েকমাস ব্যস্ত থাকতে হয়েছে বলে সেসময় সাংবাদিকদের জানিয়েছিলেন কামার।
২০০৪ সালের আগস্টে বাংলাদেশ হকি ফেডারেশনের সাথে চুক্তি স্বাক্ষরের পর কামারকে দুই মাসের বেতন দেওয়া হয়।
ঢাকা ফিরেই কামার ইব্রাহিম বিকেএসপিতে অনুষ্ঠেয় অনুর্ধ্ব ১৮ আমন্ত্রনমূলক হকি টুর্নামেন্টের জন্য প্রশিক্ষণরত বাংলাদেশ হকি ফেডারেশন একাদশের দায়িত্ব বুঝে নেন।
আগস্টের ৫ থেকে ১২ তারিখ পর্যন্ত অনুষ্ঠেয় এই টুর্নামেন্টে অংশগ্রহনকারী দলগুলো হচ্ছে- শ্রীলঙ্কা, মায়ানমার, পশ্চিমবঙ্গ, এয়ার ইন্ডিয়া, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক হকি একাডেমি, বিকেএসপি এ দল এবং বিকেএসপি বি দল।
