মুক্তিযোদ্ধাকে হারিয়ে প্রিমিয়ার ফুটবলে আরেকটি আপসেটের জন্ম দিল ইয়ংমেন্স
প্রিমিয়ার ব্যাংক প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগে বড় ধরনের হোঁচট খেয়েছে শিরোপা প্রত্যাশী মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। বুধবার দশ জনের মুক্তিযোদ্ধাকে অপ্রত্যাশীতভাবে ২ - ১ গোলে হারিয়ে অঘটন ঘটিয়েছে নীচের দিকের দল ইয়ংমেন্স ফকিরেরপুল ক্লাব।
এই নিয়ে লিগে তৃতীয়বারের মত বড় আপসেট ঘটলো। এর আগে গত গতবারের চ্যাম্পিয়ন ব্রাদার্স ইউনিয়ন ও রানার্স আপ শেখ রাসেল ক্রীড়া চক্র যথাক্রমে আরামবাগ ও ফরাশগঞ্জের বিরুদ্ধে হেরে পয়েন্ট খুইয়েছে। পাশাপাশি লিগে এটা মুক্তিযোদ্ধার তৃতীয় পরাজয়।
২৮ মিনিটে মুক্তির মধ্য মাঠের নির্ভরযোগ্য খেলোয়াড় ইকবালের লাল কার্ড (জোড়া হলুদ কার্ড) প্রাপ্তিই দলের পরাজয়ের প্রধান কারণ বলে মনে করছেন দলের কোচ জর্জ কোটান। ম্যাচের পর সাংবাদিকদের সাথে আলাপকালে এমনটাই বললেন কোটান।
ইকবাল সম্পর্কে কোটান বেশ ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। তিনি বলেন, ‘অযথা ফাউল করে ইকবাল দ্বিতীয় হলুদ কার্ডটি পেয়েছে এবং দলকে বিপদের মুখে ঠেলে দিয়েছে। এর জন্য ইকবাল নিজেই দায়ী।’
ম্যাচে ইকবালকে হারানো ছাড়াও এদিন মুক্তিযোদ্ধা মাঠে নামে তাদের পাঁচজন নির্ভরযোগ্য খেলোয়াড়কে ছাড়াই। তিন হলুদ কার্ডের জন্য এক ম্যাচ করে সাসপেন্ড রয়েছেন নাইজেরিয়ান স্ট্রাইকার জেরিমিয়াহ ও দক্ষিণ আফ্রিকার নওয়াচুকু পল। অন্যদিকে ইনজুরির কারণে মাঠের বাইরে রয়েছেন ডিফেন্ডার রজনী, উইংগার সাইফুল ইসলাম এবং কাঞ্চন।
এই পরাজয়ে নয় ম্যাচে মুক্তিযোদ্ধার পয়েন্ট দাঁড়িয়েছে ১৬। অন্যদিকে সমানসংখ্যক ম্যাচে সাত পয়েন্ট সংগ্রহ করে রেলিগেশন আশংকা থেকে কিছুটা হলেও মুক্ত হয়েছে ইয়ংমেন্স।
ম্যাচে বিজয়ী দলের পক্ষে দু’টি গোল করেন চঞ্চল ও রবিন এবং মুক্তিযোদ্ধার হয়ে একটি গোল পরিশোধ করেন রনি।
প্রথমার্ধে ইকবালের লাল কার্ডের আগে প্রায় একচেটিয়া খেলে ১৮ মিনিটেই গোল আদায় করে নেয় মুক্তিযোদ্ধা সংসদ। আমিন রানা ইয়ংমেন্সের ডিফেন্ডার আরিফুলের পা থেকে বল ছোঁ মেরে নিয়ে বক্সের মধ্যে দাঁড়িয়ে থাকা রনির উদ্দেশ্যে বাড়িয়ে দেন। ইয়ংমেন্সের গোলরক্ষক শিপলুকে কোন রকম সুযোগ না দিয়ে বল জালে পাঠিয়ে দেন রনি (১ - ০)।
তবে দশ জনের দলে পরিনত হওয়ার পর বৃষ্টিভেজা পিচ্ছিল মাঠে খেলার নিয়ন্ত্রন চলে যায় ইয়ংমেন্সের হাতে। সাত মিনিট পর রনি ইয়ংমেন্সের ফাঁকা পোস্টেও বল ঠেলতে ব্যর্থ হন। ২৭ মিনিটে আমিন রানার একটি শট প্রতিপক্ষের ক্রসপিসে লেগে ফিরে গেলে হতাশ হয়ে পড়ে মুক্তির সমর্থকরা।
দ্বিতীয়ার্ধের ছয় মিনিটের মধ্যেই চঞ্চলের গোলে খেলায় ফেরে ইয়ংমেন্স। অধিনায়ক রবিনের বাড়িয়ে দেয়া থ্রু থেকে বল পেয়ে চঞ্চল ঠান্ডা মাথায় পরাস্ত করেন দেশসেরা গোলরক্ষক আমিনুলকে (১ - ১)। গোল হজম করলেও ৭০ মিনিটে রবিনের একটি শট চমৎকারভাবে ফিরিয়ে দেন আমিনুল।
কিন্তু খেলার শেষ বাঁশি বাজার তিন মিনিট আগে রবিন জয়সূচক যে গোলটি করেন তা আর ঠেকানো সম্ভব হয়নি আমিনুলের পক্ষে (২ - ১)। পুরো পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে ইয়ংমেন্স।
