বাংলাদেশ ‘এ’ দলের জন্য ইংল্যান্ড সফর কঠিন হবে: শাহরিয়ার নাফীস
বাংলাদেশ ‘এ’ ক্রিকেট দলের জন্য আসন্ন ইংল্যান্ড সফরটি কঠিন একটি সফর হবে বলে মনে করছেন দলের অধিনায়ক শাহরিয়ার নাফীস। বুধবার বিডিনিউজের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।
নাফীসের বক্তব্য হচ্ছে ‘ইয়র্কশায়ার, গ্লামারগন এবং কেন্টের মত শক্তিশালী কাউন্টি দলগুলোর বিরুদ্ধে আমাদের খেলতে হবে, আর এদের বিরুদ্ধে খেলাটা খুব একটা সহজ হবে না। সুতরাং আমার মনে হচ্ছে সফরটি কঠিনই হবে।’
চারটি একদিনের এবং পাঁচটি তিনদিনের ম্যাচ খেলতে ৩৮ দিনের লম্বা সফরে শুক্রবার ইংল্যান্ড উড়ে যাচ্ছে ১৫ সদস্যের বাংলাদেশ এ দল।
অধিনায়ক শাহরিয়ার নাফীস (আবীর) জানান, ইংল্যান্ডগামী দলে জাতীয় দল থেকে বাদ পড়া খেলোয়াড় রয়েছেন দশজন। সুতরাং সেপ্টেম্বরে শ্রীলংকা সফরের জন্য দল ঘোষনার আগে তারা নিজেদের প্রমানের একটা ভালো সুযোগ পাবেন।
নাফীস বলেন, ‘ জাতীয় দলের বাদ পড়া খেলোয়াড়রা নিজেদের সেরা খেলাটা দেখানোর ব্যাপারে আত্মবিশ্বাসী বলে আমি মনে করি। তাছাড়া দলের নতুন সদস্যরাও সিনিয়রদের সাথে খাপ খাইয়ে নিতে পারবে। সবমিলিয়ে সফরটি প্রতিদ্বন্দ্বিতাপূর্নই হবে।’
ইংল্যান্ড সফরে বাংলাদেশ ‘এ’ দল চারটি একদিনের ম্যাচ খেলবে ব্রিটিশ ইউনিভার্সিটি, হ্যাম্পশায়ার, ল্যাঙ্কাশায়ার এবং ডারহামের বিরুদ্ধে। পাঁচটি তিনদিনের ম্যাচে বাংলাদেশ এ দলের প্রতিপক্ষ হচ্ছে গ্লুচেষ্টারশায়ার, গ্লামারগন, ইয়র্কশায়ার, সারে ও কেন্ট।
ভারী বৃষ্টিপাতের কারণে বুধবার বাংলাদেশ ‘এ’ দল বিকেএসপির ইনডোরে আড়াই ঘন্টা প্র্যাকটিস করে। প্র্যাকটিসে অধিনায়ক শাহরিয়ার নাফীস ও মেহরাব হোসেন জুনিয়র ছাড়া বাকি ১৩ জনই উপস্থিত ছিলেন। শুক্রবার দেশত্যাগের আগে ‘এ’ দল প্র্যাকটিসের জন্য আর একটি দিন হাতে পাবে।
এদিকে অস্ট্রেলিয়ার ডারউইনে স্থানীয় ক্রিকেট খেলা মেহরাব হোসেন জুনিয়র মঙ্গলবার ঢাকায় এসে পৌঁছেছেন।
