২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অবশেষে ফিরে এলেন জাতীয় হকি কোচ কামার ইব্রাহিম

আসন্ন বিকেএসপি কাপ অনুর্ধ্ব ১৮ টুর্নামেন্টে দায়িত্ব পালন করতে দীর্ঘ চার মাসেরও বেশি সময় পর মঙ্গলবার বিকেলে ঢাকায় ফিরেছেন জাতীয় হকি দলের পাকিস্তানি কোচ কামার ইব্রাহিম।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2005, 08:25 PM

Updated : 26 Apr 2022, 05:51 PM

দেশি - বিদেশী দল নিয়ে অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্ট বিকেএসপিতে শুরু হবে ৫ আগষ্ট থেকে।

গত ফেব্র“য়ারিতে কোচেস ট্রেনিং কোর্স সমাপ্ত করেই পাকিস্তানে পাড়ি জমান ইব্রাহিম। বাংলাদেশ জাতীয় হকি দল এবং বিভিন্ন বয়স ভিত্তিক দলগুলোর দায়িত্ব বুঝিয়ে দিতে বহুদিন ধরেই তাকে ফিরিয়ে আনার চেষ্টা করছিল বাংলাদেশ হকি ফেডারেশন।

ঢাকা পৌঁছার পর মঙ্গলবার হকি ফেডারেশনে সাংবাদিকদের মুখোমুখি হন কামার। দীর্ঘদিন অনুপস্থিত থাকার কারণ হিসেবে কোচ কামার বলেন, ‘ বাবার অসুস্থতার জন্য আমি গত আড়াই মাস ধরে সমস্যার মধ্যে ছিলাম, তাছাড়া বাবার চিকিৎসার জন্য আমাকে প্রায় ৪৮ দিন ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ায় থাকতে হয়েছে। মূলত এই কারণেই আমি ঢাকায় আসতে পারিনি।’

কামার ইব্রাহিম সাংবাদিকদের বলেন, ‘ বুধবার হকি ফেডারেশনের সাথে বৈঠক শেষে আমি আপনাদের বিস্তারিত জানাব।’

বর্তমানে কামার অনুর্ধ্ব ১৮ দলের দায়িত্ব বুঝে নিয়েছেন। বাংলাদেশ হকি ফেডারেশনের সাথে দুই বছরের চুক্তি স্বাক্ষরের পর এটা হবে ইব্রাহিমের তৃতীয় অ্যাসাইনমেন্ট। চুক্তির পর বাংলাদেশ দল কোচ কামার ইব্রাহিমের তত্ত্বাবধানে ভারতকে হারিয়ে চ্যালেঞ্জ ট্রফিতে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব লাভ করে। টুর্নামেন্ট শেষ হওয়ার পরপরই সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে পাকিস্তানে উড়ে যান কামার। ফিরে এসে হকি লিগ পর্যবেক্ষণ এবং ফেব্র“য়ারিতে ট্রেনিং ক্যাম্প পরিচালনা করেন। এরপর পারিবারিক কারণ দেখিয়ে আবার পাকিস্তান ফিরে যান কামার। সেই থেকে একপ্রকার উধাও হয়ে ছিলেন কামার ইব্রাহিম।

কামার জানান, তিনি যে সময়ে অনুপস্থিত ছিলেন সে সময় তার হাতে কোন কাজ ছিল না আর তিনি ফেডারেশনের সভাপতির অনুমতিই নিয়েই বাংলাদেশ ত্যাগ করেছিলেন।