ক্রিকেটকে বিদায় জানালেন শেফার্ড
ওভালে ন্যাটওয়েস্ট চ্যালেঞ্জ ওয়ানডে সিরিজে মঙ্গলবার ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যেকার শেষ ম্যাচের মধ্য দিয়ে ক্রিকেটকে আনুষ্ঠানিক বিদায় জানাচ্ছেন বর্নাঢ্য আম্পায়ারিং ক্যারিয়ারের অধিকারী ডেভিড শেফার্ড।
১৯৮৫ থেকে ২০০৫, দীর্ঘ এই পথ পরিক্রমায় ৬৪ বছর বয়স্ক জনপ্রিয় এবং সম্মানিত এই আম্পায়ার ৯২টি টেস্ট ও ১৭২ টি ওয়ানডে ম্যাচ পরিচালনা করেছেন। সবশেষ গত মাসে ওয়েস্ট উইন্ডজ ও পাকিস্তানের মধ্যকার জ্যামাইকা টেস্টে মাঠে নামেন বর্ষীয়ান আম্পায়ার শেফার্ড।
সদা হাস্যোজ্জ্বল সাবেক গ্লুচেষ্টারশায়ার ব্যাটসম্যান ডেভিড শেফার্ড ১৯৬৫ সালে প্রথম শ্রেনীর ক্রিকেটে আর্বিভাবেই সেঞ্চুরির দেখা পান। ১৯৯৬, ১৯৯৯ ও ২০০৩ সালের বিশ্বকাপ ক্রিকেটের ফাইনাল পরিচালনার অভিজ্ঞতাও রয়েছে তার ঝুলিতে।
তবে ২৪ বছরের আম্পায়ারিং ক্যারিয়ারে তার বিচ্ছিন্ন কয়েকটি ভুল যে হয়নি তা নয়, বিশেষ করে ২০০১ সালে ওল্ড ট্রাফোর্ডে স্বাগতিক ইংল্যান্ড ও পাকিস্তানের মধ্যেকার দ্বিতীয় টেস্টে পাকিস্তানের অফ স্পিনার সাকলায়েন মুশতাক তার স্পিন ভেল্কিতে চার উইকেট তুলে নিলে ম্যাচ জিতে পাকিস্তান সিরিজে সমতা ফেরাতে সক্ষম হয়। সেই ম্যাচেও ছিলেন শেফার্ড। সাকলায়েন চার উইকেটের মধ্যে তিনটিই নো বলের মাধ্যমে লাভ করেন।
কৃতি এই আম্পায়ারকে সসম্মানে বিদায় জানাতে পিছিয়ে নেই আইসিসি নিজেও। আগামী মাসে অ্যাশেজ সিরিজের প্রথম ম্যাচটির দায়িত্ব শেফার্ডের হাতে দিয়ে তাকে বিদায় জানাতে চাচ্ছে আইসিসি।
