ড্র দিয়ে লিগের প্রথম পর্ব শেষ করল আবাহনী
নবাগত ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাবের সাথে গোলশুন্য ড্রয়ের মধ্য দিয়ে প্রিমিয়ার ব্যাংক প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগের প্রথম পর্ব অভিযান শেষ করল শিরোপা প্রত্যাশী আবাহনী লিমিটেড।
নয় ম্যাচে চার জয়, তিনটি ড্র এবং দুই পরাজয়ে আবাহনীর পয়েন্ট ১৫। সমানসংখ্যক ম্যাচে ফরাশগঞ্জের পয়েন্ট ১৪।
আগের ম্যাচগুলোতে ডিফেন্সের দুর্বলতার কারণে গোল হজম করা আবাহনী এদিন ঘানার ডিফেন্ডার মার্শালকে নিয়ে মাঠে নামে। কিন্তু বৃষ্টিভেজা মাঠে তাদের স্ট্রাইকাররা দলের জন্য কোন গোল আদায় করতে পারেননি। ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষের উপর চাপ সৃষ্টি করে খেলে আবাহনী। বেশ কয়েকটি ভালো গোলের সুযোগও তৈরী হয় এসময়। কিন্তু তাদের সব আক্রমনই ফরাশগঞ্জের রক্ষণদেয়ালে এসে আছড়ে পড়ে।
গত বছর আবাহনীর জার্সি চাপিয়ে খেলা ঘানার ডিফেন্ডার সিলা, অপু ও ফয়সালের সমন্বয়ে গড়া ফরাশগঞ্জের ডিফেন্স লাইন আবাহনীর সব আক্রমন নস্যাৎ করে দেন। সুবিধাজনক স্থানে থেকেও আবাহনীর স্ট্রাইকার ফরহাদ, টিপু ও অধিনায়ক জয় একাধিক গোলের সুযোগ নষ্ট করেন।
আবাহনী লিমিটেড: আনোয়ারুল, ওবায়দুর, প্রদীপ, মার্শাল, লাজুক, উজ্জল, জয়, জাহেদ পারভেজ (আব্দুল্লাহ পারভেজ), ইব্রাহিম, টিপু ও ফরহাদ (আনোয়ার)।
ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব: জিয়া (পিরু), অপু, ফয়সাল, সিলা, খালেদ, কবির, আদাফ, আমিরুল, অরূপ, ফেলিক্স (জনি) ও পলাশ।
লাল কার্ড: জয় (আবাহনী) ও আমিরুল (ফরাশগঞ্জ)।
হলুদ কার্ড: টিপু, ফরহাদ ও ইব্রাহিম (আবাহনী), সিলা, আদাফ (ফরাশগঞ্জ)।
