পন্টিংয়ের অসাধারণ শতকে সিরিজে ফিরলো অস্ট্রেলিয়া
অধিনায়ক রিকি পন্টিংয়ের অসাধারণ ১১১ রানে ন্যাটওয়েস্ট সিরিজে সমতা ফিরিয়েছে অস্ট্রেলিয়া। ইংল্যান্ডের করা ২২৩ রানের জবাবে অসিরা ৭ উইকেটে জয় পায়। এর ফলে ৩ ম্যাচের সিরিজ ১-১ এ সমতা হলো।
এর আগে প্রাথমিক বিপর্যয় কাটিয়ে ২২৪ রানের টার্গেট দেয় ইংল্যান্ড। ফ্লিনটফের ৮৭ রান ছাড়া ইংলিশ দলের কেউই আর তেমনভাবে জ্বলে উঠতে পারেননি। ৪৫ রানেই তারা ৪ উইকেট হারায়। এরপর ফ্লিনটফের অসাধারণ এ ইনিংসের ফলেই ২২৩ রানে পৌছাতে পারে তারা। অবশ্য কলিংউড ৩৪ এবং জোনস ২৭ রান করে ফ্লিনটফকে সহায়তা করেন।
২২৪ রানের জয়ের লক্ষে খেলতে নেমে ৩৬ রানে প্রথম এবং ৯৬ রানে দ্বিতীয় উইকেট হারানোর পর অধিনায়ক রিকি পন্টিং একা পুরো দলের হাল ধরেন। ১১৫ বলে ১৪ টি চার এবং একটি ছক্কার সাহায্যে ১১১ রান করেন তিনি।
অবশ্য ম্যান অব দা ম্যাচের পুরস্কারটা পেয়েছেন বোলার ব্রেট লি। ১০ ওভারে মাত্র ৪১ রানে ৫ টি মুল্যবান উইকেট নিয়ে ইংল্যান্ড দলে ফাটল ধরান তিনি।
