প্রিমিয়ার ডিভিশন ফুটবলে মোহামেডানের ষষ্ঠ জয়
দুইবার ইয়ংমেন্সের জালে বল ফেলে প্রত্যাবর্তনটাকে স্মরণীয় করে রাখলেন মোহামেডানের অভিজ্ঞ স্ট্রাইকার আলফাজ। সাথে আবার যোগ হয় মঞ্জুর’র একটি গোল। সব মিলিয়ে রোববার ৩ - ১ গোলে ইয়ংমেন্স ফকিরেরপুল ক্লাবকে হারিয়ে প্রিমিয়ার ব্যাংক প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগের চালকের আসনটি আবার দখল করে নিয়েছে সাদাকালো শিবির। লিগে এটা মোহামেডানের ষষ্ঠ জয়।
আট খেলায় মোহামেডানের পয়েন্ট ২০। সমানসংখ্যক ম্যাচে মোহামেডানের চাইতে এক পয়েন্ট কম সংগ্রহ করে দ্বিতীয় স্থানে রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ব্রাদার্স ইউনিয়ন। অন্যদিকে আট ম্যাচে চার পয়েন্ট নিয়ে ঢাকা ওয়ান্ডারার্সের সাথে সমানতালে এগিয়ে চলেছে ইয়ংমেন্স।
আলফাজ আর ডোনাল্ডবিহীন মোহামেডানকে আগের ম্যাচগুলোতে গোল খরায় ভুগতে হলেও রোববার ছোট দল ইয়ংমেন্সের বিরুদ্ধে বড় জয় নিয়েই ঘরে ফিরেছে তারা।
ম্যাচের প্রথমার্ধ গোলশুন্যভাবে শেষ হওয়ার পর ৫৬ মিনিটে প্রথম গোল পায় ইয়ংমেন্স। কমলের ক্রসে মাথা ছুঁয়ে দলকে এগিয়ে দেন রাজন। তবে তাদের গোল উৎসব বেশিক্ষণ স্থায়ী হতে দেয়নি মোহামেডান।
মাত্র চার মিনিটের ব্যবধানে শক্তিশালী মোহামেডান তিনটি গোল করে নাস্তানাবুদ করে ফেলে ইয়ংমেন্সকে। ইয়ংমেন্সের গোলের তিন মিনিট পরই সমতা ফেরান মোহামেডানের মঞ্জুর। বাঁ দিক থেকে মুন্নার বাড়িয়ে দেয়া ক্রস থেকে পাওয়া বলে তীব্র শটে লক্ষ্যভেদ করেন মঞ্জুর।
মিনিটখানেক পরই আলফাজ ম্যাজিকে লিড নেয় অফিসপাড়ার দলটি। ইয়ংমেন্সের গোলসীমানার মধ্যে একজন ফুটবলারের গায়ে লেগে বল ফিরে গেলে জটলার মধ্যে দাঁড়িয়ে থাকা আলফাজ আলতো টোকায় তা জালে জড়িয়ে দেন।
৬২ মিনিটে লিগে নিজের চতুর্থ গোল করে ইয়ংমেন্সের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন আলফাজ। এবার ডান দিক থেকে গোলের উৎস তৈরী করে দেন খোকন।
