২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলসহ ৫টি দলের পৃষ্ঠপেষকতা করবে ইহসান স্পোর্টস

পাকিস্তানের খ্যাতনামা ক্রীড়া সামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠান ইহসান স্পোর্টস ২০০৭ সালের বিশ্বকাপ ক্রিকেট পর্যন্ত বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলসহ বিভিন্ন বয়স ভিত্তিক দলের পোষাকের পৃষ্ঠপোষকতা করবে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2005, 06:11 PM

Updated : 26 Apr 2022, 05:51 PM

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উপদেষ্টা ও ক্রিকেট অপারেশন চেয়ারম্যান মাহবুব আনাম রোববার রাজধানীর এক হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান। সংবাদ সম্মেলনে বিসিবির প্রধান নির্বাহী ম্যাকি দুদিয়া ও ইহসান স্পোর্টসের পরিচালক মাজিদ খান উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে মাহবুব আনাম বলেন, ক্রিকেট বোর্ড এই প্রথম জাতীয় দল এবং বিভিন্ন বয়স ভিত্তিক দলের পোষাকের স্পনসর পেতে যাচ্ছে। চুক্তি অনুযায়ী ইহসান স্পোর্টস বাংলাদেশ জাতীয় দল, ‘এ’ দল, অনুর্ধ্ব ১৫, অনুর্ধ্ব ১৭ ও অনুর্ধ্ব ১৯ দলের পোষাকের স্পনসরশীপ বাবদ প্রতিবছর ৮০ হাজার ডলার দেবে।

পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান পরবর্তী বিশ্বকাপ পর্যন্ত দলগুলোর জন্য ম্যাচের জার্সি ও ট্রাউজার, প্র্যাকটিস জার্সি ও ট্রাউজার, কনসোল প্রভৃতি প্রদান করবে। তাছাড়া চুক্তির শর্তানুযায়ী প্রষ্ঠিানটি দলগুলোর কোচদের জার্সিও স্পনসর করবে বলে জানান মাহবুব আনাম।

বর্তমানে শুধুমাত্র জাতীয় দলের পোষাকের স্পনসর এজে’র স্থলাভিষিক্ত হবে ইহসান স্পোর্টস। বিসিবির প্রধান নির্বাহী ম্যাকি দুদিয়া বলেন, কয়েক মাস আলোচনা করার পর বিসিবি পাঁচটি দলের পোষাকের স্পনসর পেয়ে গর্বিত।

এক প্রশ্নের জবাবে ইহসান স্পোর্টসের পরিচালক মাজিদ খান জানান, গত বছর বাংলাদেশের পাকিস্তান সফরের সময় তারা আট বাংলাদেশী ক্রিকেটারের ব্যাট স্পনসর করেছিল। অন্য খেলোয়াড়দের সাথে তাদের চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর তারা বাংলাদেশের খেলোয়াড়দের ব্যাপারে চিন্তাভাবনা করবেন বলে জানিয়েছেন মাজিদ খান।