২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিরোপা জয়ের লড়াইয়ে ফিরেছে মুক্তিযোদ্ধা

স্ট্রাইকার আর্নেস্ট জারমিয়া এবং নওকুচু পলের গোলে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র প্রিমিয়ার ব্যাংক প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগের শিরোপা লড়াইয়ে ফিরে এসেছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2005, 09:43 PM

Updated : 26 Apr 2022, 05:51 PM

শুক্রবার তারা বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ২-০ গোলে ফরাসগঞ্জ স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে।

লীগের শীর্ষে অবস্থানকারী ব্রাদার্স ইউনিয়নের কাছে ৩-১ গোলে হারার পর এ জয় মুক্তিযোদ্ধাকে আবারও শিরোপার পথে প্রতিদ্বন্দ্বিতায় নিয়ে এসেছে। ব্রাদার্স আট ম্যাচে ১৯ পয়েন্ট অর্জন করেছে।

মুক্তিযোদ্ধা সংসদ এ ম্যাচে জয়ের মাধ্যমে মোট আট ম্যাচে ১৬ পয়েন্ট অর্জন করে তৃতীয় অবস্থানে রয়েছে। মাত্র এক পয়েন্ট ব্যবধানে এগিয়ে রয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। মোহামেডান সাত ম্যাচে ১৭ নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে। ফরাসগঞ্জ স্পোর্টিং ক্লাব আট ম্যাচ খেলে  ১৩ পয়েন্ট নিয়ে এখনও আগের অবস্থানেই রয়েছে।

মুক্তিযোদ্ধা সংসদ তাদের দীর্ঘ দিনের কোচ মানিককে মঙ্গলবার বহিস্কারের পর এ ম্যাচে দল সহকারী কোচ আতিকের তত্বাবধায়নে ছিল। তবে ম্যাচের মুখ্য ভুমিকায় ছিলেন নব নিযুক্ত অস্ট্রেলিয়ান কোচ জর্জ কোটন। তিনি খেলার কৌশল এবং মাঠে খেলোয়ারদের অবস্থান পরিবর্তনের মাধ্যমে দলকে সহযোগিতা করেন।

ম্যাচ শেষে কোটন সাংবাদিকদের বলেন, তিনি এখনও দলের দায়িত্ব গ্রহণ করেননি তাবে শনিবার থেকে তিনি দায়িত্ব নেবেন।

ম্যাচে দেখা গেছে লাল জার্সিধারী খেলোয়াররা মাঠে তাদের পূর্ববর্তী অবস্থান থেকে একটু ভিন্ন মাত্রার খেলা উপহার দিয়েছেন্।

পুরো খেলায়  ইকবাল সেন্ট্রাল ডিফেন্সে ছিলেন এবং আগের সেন্ট্রাল ডিফেন্ডার রজনী ছিলেন ইকবালের সামনে। লেফ্ট স্টপার টিপু খেলেছেন রাইট উইং হিসেবে। খেলোয়াররা তাদের নতুন অবস্থানে ভালই খেলছেন বলে জানান কোটন।

কোটন জানান, তিনি এ ম্যাচে খেলার জন্য আতিককে এ পরিবর্তনটা আনতে বলেন এবং এ ফলাফলে সকলেই খুশি।

স্টেডিয়ামে প্রায় তিন হাজার দর্শক খেলা উপভোগ করে। দর্শকরা দুদলেরই আক্রমনাত্মক ক্রীড়া নৈপুন্য উপভোগ করে। দুদলই তাদের অবস্থানের জন্য প্রানপণ লড়াই চালিয়েছে।

খেলার প্রথমার্ধে উভয় দলই প্রায় সমান তালে মাঠ কাঁপিয়েছে। ২১ মিনিটের মাথায় ফরাসগঞ্জের পলাশের একটি কোনাকুনি শট মুক্তিযোদ্ধার ক্রসপিসে লেগে ফিরে আসে।

পুরোন ঢাকার এ দলটির খেলোয়াররা কয়েকবার ভাল আক্রমন চালিয়েও দেশের সেরা গোলরক্ষক আমিনুল ইসলামকে পরাস্ত করতে পারেনি। আমিনুল ফরাসগঞ্জের পাঁচটি সম্ভাবনা নষ্ট করে দিয়েছে।

লেমন ব্রেকের পর পাঁচ মিনিটের মাথায় নাইজেরিয়ান খেলোয়ার জারমিয়ার ফ্রিকিক থেকে গোল মুক্তিযোদ্ধাকে এগিয়ে নিয়ে যায়। খোলার ৭৪ মিনিটে দক্ষিণ আফ্রিকার খেলোয়ার পল জয়ের পথে দলের ব্যবধান বাড়িয়ে দেয়।

ফরাসগঞ্জ খেলায় সমতা আনার সুযোগ পেয়েও ব্যর্থ হয়েছে। ৭৬ মিনিটে কবিরের একটি শট ক্রসপিসে লেগে ফিরে আসে।

ফরাসগঞ্জের নাইজেরিয়ান খেলোয়ার ওডাফা ওকালি ৮৯ মিনিটে সুবিধাজনক অবস্থানে থেকেও গোল মিস করেন।