মুক্তিযোদ্ধা দলের দায়িত্ব নিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক কোচ জর্জ কোটান
মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের নতুন কোচ হিসেবে বৃহস্পতিবার সকালে ঢাকা এসে পৌঁছেছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক কোচ জর্জ কোটান।
২০০৩ সালে বাংলাদেশকে সাফ ফুটবলের শিরোপা পাইয়ে দেয়া অস্ট্রিয়ান কোচ কোটান মুক্তিযোদ্ধার সদ্য বরখাস্ত হওয়া কোচ শফিকুল ইসলাম মানিকের স্থলাভিষিক্ত হবেন।
ক্লাবের প্রতি অবজ্ঞা, উদাসীনতা ও কর্মকর্তাদের প্রতি বিরূপ আচরণের কারণে মানিককে মঙ্গলবার বহিষ্কার করা হয়।
বর্তমানে জার্মানীতে ফিফা গোল প্রজেক্টের কোচ হিসেবে দায়িত্বপালনরত কোটান বৃহস্পতিবার উত্তরা আর্মড পুলিশ ব্যাটেলিয়ন মাঠে বিডিনিউজকে জানান, দ্বিতীয়বারের মত বাংলাদেশে আসতে পেরে তিনি খুশি।
কোটান বলেন, ‘চৌধুরীর (শাহ আলম চৌধুরী) কাছ থেকে অফারটি পাওয়ার পর একটু বিস্মিত হয়েছিলাম এবং মঙ্গলবারই আমি আমার সিদ্ধান্ত জানিয়ে দেই। বাংলাদেশের ফুটবলাররা যেহেতু আমাকে জানে তাই মুক্তিযোদ্ধার পক্ষে কাজ করতে আমি রাজি হয়েছি।’
কোটানের কাছ থেকে নিশ্চিত হওয়ার পরই যে একইদিন মানিককে বহিষ্কার করা হয়েছে ব্যাপারটি কোটানের এই কথাতেই পরিস্কার হয়ে গেল।
২০০৩ সালে বাংলাদেশ থেকে ফিরে যাওয়ার দুই মাস পরই জর্জ কোটান ফিফার গোল প্রজেক্টে জার্মানীর কোচের দায়িত্ব লাভ করেন।
তিনি জানান, জার্মানীতে তার কাজ তিনটি। এগুলো হচ্ছে- বালকদের মধ্যে ফুটবলকে জনপ্রিয় করে তোলা, গ্রামাঞ্চলের বয়স ভিত্তিক ফুটবলারদের প্রশিক্ষণ দেয়া এবং সপ্তাহে দুই দিন সিক্স এ সাইড ফুটবলের আয়োজন করা।
বাংলাদেশে এসে উত্তরার প্লাজা ইন লিমিটেড রেস্ট হাউসে অবস্থানকারী বাংলাদেশের সাবেক কোচ জর্জ কোটান জানালেন, প্রাথমিকভাবে মুক্তিযোদ্ধার সাথে তার ছয়মাসের চুক্তি হয়েছে, এই মেয়াদ শেষ হওয়ার পরই নতুন করে চুক্তির ব্যাপারে তিনি চিন্তাভাবনা করবেন।
আত্মবিশ্বাসী কোচ কোটান বলেন, ‘ আমি চলতি প্রিমিয়ার লিগে মুক্তিযোদ্ধাকে চ্যাম্পিয়ন করার জন্য এসেছি এবং অবশ্যই আমরা চ্যাম্পিয়ন হব।’
ঢাকায় পৌঁছেই কোটান সরাসরি চলে যান বারিধারায় মুক্তিযোদ্ধা দলের ক্যাম্পে। সেখানে তিনি সব খেলোয়াড়ের ব্যাপারে খোঁজখবর নেন এবং ক্লাবের প্রতিটি কক্ষ এমনকি রান্নাঘর পর্যন্ত ঘুরে দেখেন। এসময় মুক্তির নতুন কোচ কোটান ফুটবলারদের সাথে আলাদা আলাদাভাবে এবং দলীয়ভাবেও কথা বলেন। বিকেলে দলের খেলোয়াড়দের নিয়ে দুই ঘন্টার জন্য প্র্যাকটিসেও নেমে যান কোটান।
মুক্তিযোদ্ধা সংসদের অধিনায়ক আমিনুল ইসলাম জানালেন কোটানকে পেয়ে তারা খুশি এবং এই মুহুর্তে খেলোয়ড়ররা মানসিকভাবে বেশ চাঙ্গা রয়েছে।
চলতি প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগে মুক্তিযোদ্ধা সংসদ সাত ম্যাচ খেলে ১৩ পয়েন্ট সংগ্রহ করে চতুর্থ স্থানে অবস্থান করছে। মুক্তিযোদ্ধা সংসদ চতুর্থস্থানে থাকা আরেক দল ফরাশগঞ্জের সাথে পরের ম্যাচে মুখোমুখি হবে শুক্রবার।
