২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুক্তিযোদ্ধা কর্মকর্তাদের অভিযোগ বাতিল করে দিয়েছেন সদ্য বরখাস্ত হওয়া কোচ মানিক

মুক্তিযোদ্ধা সংসদের সদ্য বরখাস্ত হওয়া কোচ শফিকুল ইসলাম মানিক তার বিরুদ্ধে ক্লাবের আনা সকল অভিযোগ অস্বীকার করেছেন এবং এ সব অভিযোগকে তিনি ভিত্তিহীন বলে দাবি করেছেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2005, 08:38 PM

Updated : 26 Apr 2022, 05:50 PM

ক্লাবের প্রতি উদাসীনতা, অবজ্ঞা এবং অপমানজনক আচরণ ও শৃংখলাভঙ্গের অভিযোগে মুক্তিযোদ্ধা সংসদ বোর্ড মঙ্গলবার বিকেলে দলের দীর্ঘদিনের সফল কোচ শফিকুল ইসলাম মানিককে দায়িত্ব থেকে অব্যহতি দেয়।

বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট এসোসিয়েশন কার্যালয়ে বুধবার এক সংবাদ সম্মেলনে সাবেক জাতীয় ফুটবলার মানিক তার বিরুদ্ধে আনীত ক্লাবের সকল অভিযোগ প্রত্যাহারের অনুরোধ জানান।

সংবাদ সম্মেলনে মানিক বলেন, ‘কোচকে বরখাস্তের অধিকার ক্লাবের রয়েছে, কিন্তু আমাকে যেভাবে সরিয়ে দেয়া হয়েছে তা সঠিকভাবে হয়নি। বরখাস্তের কারণে আমি অখুশি নই। তবে ক্লাবের উচিত আমার বিরুদ্ধে আনীত ভিত্তিহীন সব অভিযোগ প্রত্যাহার করে নেয়া।’

তিনি বলেন, মুক্তিযোদ্ধা ক্লাবের কিছুসংখ্যক কর্মকর্তা ও বাইরের লোকের ষড়যন্ত্রের কারণে তাকে বরখাস্ত করা হয়েছে। তাকে বরখাস্তের মাধ্যমে ক্লাব ষড়যন্ত্রের ফাঁদে পা দিয়েছে বলে জানান মানিক।

তিনি বলেন, ‘ মাঠের কোনও ব্যাপার এই ঘটনার সাথে জড়িত নয় বলে আমার মনে হয়। আমার বিরুদ্ধে সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে তারা আমার সাথে আলোচনা করেনি। আমার মনে হয় ক্লাবের কিছু কর্মকর্তা এবং বাইরের কোনও প্রভাবশালী গ্রুপ এর সাথে জড়িত।’

মানিক বলেন, ক্লাব আমার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ করেছে। কিন্তু মৌসুমের দু’টি টুর্নামেন্টের ফাইনালে খেলেছে দল এবং স্বাধীনতা কাপ ফুটবলে চ্যাম্পিয়নও হয়েছে। তাছাড়া চলতি প্রিমিয়ার ডিভিশন লিগে মুক্তিযোদ্ধা সংসদ পয়েন্ট তালিকায় চতুর্থ স্থানে রয়েছে।

তার বিরুদ্ধে ক্লাবের আনীত অসম্মান প্রদর্শন এবং উদাসীনতার অভিযোগের ব্যাখ্যায় মানিক জানান, চলতি লিগ সম্পর্কে একটি দলীয় প্রতিবেদন তিনি মঙ্গলবার মুক্তিযোদ্ধা সংসদের চেয়ারম্যানের কাছে পেশ করেছেন এবং ফুটবল ম্যানেজার সাত্তার ক্লাবের অনুমতি নিয়েই সম্প্রতি একটি সংবাদ সম্মেলনের আয়োজন করে।

শৃংখলাভঙ্গের অভিযোগের জবাবে মানিক ১৯৯৭ সালে দলের দায়িত্ব নেয়ার পর থেকে কোন শৃংখলাভঙ্গের কোনও কাজ করেছেন কিনা তার প্রমাণ দেয়ার জন্য ক্লাবের প্রতি আহবান জানিয়েছেন।

সংবাদ সম্মেলনে কোচ মানিক মুক্তিযোদ্ধা সংসদের চেয়ারম্যান কবীর আহমেদ খানের বিরুদ্ধে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ করেন। মানিক বলেন, তিনি (কবীর আহমেদ) এএফসি কাপে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে হোম ম্যাচে ড্র করার জন্য বলেছিলেন। কিন্তু আমি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছি।

সফল কোচ শফিকুল ইসলাম মানিকের তত্ত্বাবধানে দল আটটি শিরোপা জয় করে। এগুলো হচ্ছে- প্রিমিয়ার ডিভিশন ফুটবল শিরোপা (১৯৯৭-৯৮ এবং ২০০০), ঢাকা মহানগর ফুটবল শিরোপা (১৯৯৭), ফেডারেশন কাপ ফুটবল শিরোপা (২০০১, এবং ২০০৩-০৪), জাতীয় লিগ শিরোপা (২০০২-০৩), স্বাধীনতা কাপ ফুটবল শিরোপা (২০০৪-০৫) এবং ভারতের ম্যাকডোয়েল কাপ ফুটবল শিরোপা। তাছাড়া মানিকের সময়কালে মুক্তিযোদ্ধা পাঁচটি টুর্নামেন্টে রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করে।