২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জিম্বাবুয়েকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বাদ দেয়া হোক: নিউজিল্যান্ড পররাষ্ট্রমন্ত্রী

জিম্বাবুয়েতে প্রেসিডেন্ট রবার্ট মুগাবের সরকার ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটাচ্ছেন, এ অভিযোগে দেশটিকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বাদ দেয়ার দাবি জানিয়েছেন নিউজিল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2005, 05:05 PM

Updated : 26 Apr 2022, 05:50 PM

নিউজিল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী ফিলিপ গফ বুধবার আইসিসিকে লেখা এক চিঠিতে এ দাবি জানিয়েছেন। তিনি বলেন, জিম্বাবুয়েতে ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটছে এবং দেশটির শত শত মানুষের বাড়িঘর উচ্ছেদ হচ্ছে। এ অবস্থায় সেখানে আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনের কোনও যৌক্তিকতা নেই।

গফ আরও বলেন, সেখানে প্রায় দুই লাখ লোক এখন গৃহহীন। সে দেশের জনগণের কথা চিন্তা করে সেখানে ক্রিকেটে আয়োজন ঠিক হবে না।

যেখানে মানবাধিকার লঙ্ঘিত হবে সেখানে যেন কোনও আন্তর্জাতিক ক্রিকেট ট্যুরের আয়োজন করা না হয়-চিঠিতে আইসিসির প্রতি এমন আহ্বান জানিয়েছেন গফ।

আগামী মাসে নিউজিল্যান্ড দলের জিম্বাবুয়ে সফরের কথা রয়েছে। কিন্তু ট্যুর বাতিল করলে প্রায় দুই মিলিয়ন মার্কিন ডলার ক্ষতিপূরণ দিতে হবে এ কারণে তারা ট্যুর বাতিল করতে পারছে না।

সম্প্রতি আইসিসি জানিয়ে দিয়েছে জিম্বাবুয়ে সফর বাতিল ঘোষণার কোনও পরিকল্পনা  আইসিসির নেই।

বুধবার নিউজিল্যান্ডের ক্রিকেট প্রধান মার্টিন পররাষ্টমন্ত্রীর সাথে দেখা করার পর তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, নিউজিল্যান্ড জিম্বাবুয়ে সফর করলেও ডিসেম্বরে ফিরতি সফরে তাদের নিউজিল্যান্ডে আসার ভিসা দেয়া হবে না।