২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইংল্যান্ড সফরই ছিল সবচে সেরা: খালেদ মাহমুদ

বাংলাদেশ ক্রিকেট দলের কৃতি অল রাউন্ডার এবং সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন মনে করেন  ইংল্যান্ড সফর ছিল বাংলাদেশ দলের জন্য সেরা একটি সফর।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2005, 06:07 PM

Updated : 26 Apr 2022, 05:50 PM

দীর্ঘ আট সপ্তাহ ইংল্যান্ড সফর শেষে রোববার দেশে ফিরে বিমানবন্দরে নেমে খালেদ মাহমুদ বলেন, ‘ ন্যাটওয়েস্ট সিরিজে বাংলাদেশের পারফরম্যান্স ছিল খুবই ভালো এবং বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দল যে জয় পেয়েছে তা সত্যিই চমৎকার।’

দুই টেস্ট ও ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ খেলার পর রোববার সকালে বাংলাদেশ দল দেশে ফিরে আসলেও অধিনায়ক হাবিবুল বাশার, সহঅধিনায়ক খালেদ মাসুদ এবং ওপেনার জাভেদ ওমর দলের সাথে ফেরেননি।

সাবেক অধিনায়ক মাহমুদ বলেন, ‘আমি যেহেতু টেস্ট দলের সাথে ছিলাম না, তাই টেস্ট সিরিজ সম্পর্কে কোনও মন্তব্য করতে পারব না। তবে তুলনামুলকভাবে আমরা ওয়ানডে সিরিজের ছয়টি ম্যাচের মধ্যে পাঁচটিতেই ভালো খেলেছি এবং অস্ট্রেলিয়ার রিুদ্ধে জয় পেয়েছি।’

বর্তমানে বাশার যুক্তরাষ্ট্রে, মাসুদ ও জাভেদ ইউরোপ সফরে রয়েছেন। ১৪ জুলাই এই তিনজনের দেশে ফেরার কথা রয়েছে। কোচ ডেভ হোয়াটমোরও পিতার মৃত্যুর কারণে এই মুহুর্তে নিজ দেশ অস্ট্রেলিয়াতে অবস্থান করছেন।

বিমানবন্দরে বাংলাদেশ দলকে স্বাগত জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ফজলুর রহমান, বিসিবি সভাপতি আলী আসগর লবি এমপিসহ বোর্ড ও জাতীয় ক্রীড়া পরিষদের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

বিমানবন্দরে খালেদ মাহমুদ জানান, টেস্ট সিরিজের আগে যদি ন্যাটওয়েস্ট সিরিজ আয়োজন করা হতো তাহলে ইংলিশ কন্ডিশনে ধাতস্থ হওয়ার জন্য বেশি সময় পেত দল এবং এতে করে দল টেস্টে আরও ভালো পারফরম্যান্স দেখাতে পারত।’

৩৪ বছর বয়সী এই অল রাউন্ডার মনে করেন প্রথমদিকে বাংলাদেশ ইংলিশ আবহাওয়ার সাথে খাপ খাওয়াতে পারেনি, তবে পরবর্তীতে আবহাওয়ার সাথে মানিয়ে নেয়ার ফলে ওয়ানডেতে ভালো পারফরম্যান্স প্রদর্শন করতে পেরেছে দল।

ইংলিশ পিচ সম্পর্কে খালেদ মাহমুদ বলেন, ‘১৯৯৯ সালের উইকেটগুলো বেশি সিম সহায়ক ছিল, কিন্তু এবার উইকেট অনেক বেশি ফ্লাট ছিল।

খালেদ মাহমুদ বলেন, বাংলাদেশ গত কয়েক মাসের মধ্যে ভারত, জিম্বাবুয়ে এবং অস্ট্রেলিয়ার মত শক্তিশালী দলগুলোকে হারিয়েছে, সুতরাং বোঝাই যাচ্ছে বাংলাদেশ ক্রমান্বয়ে উন্নতি করছে।

ইংল্যান্ড সফরে বাংলাদেশ যে আত্মবিশ্বাস অর্জন করেছে তা ধরে রাখতে হবে। আর সেটা সম্ভব হলে সেপ্টেম্বরে শ্রীলংকা সফরে মানসিকভাবে বাংলাদেশ অনেকটাই এগিয়ে থাকবে বলে মনে করেন সাবেক এই অধিনায়ক।