ওয়েস্ট উইন্ডিজের দ্বিতীয় সারির দল পাঠানোর সিদ্ধান্তে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড হতাশ
শ্রীলঙ্কার মাটিতে অনুষ্ঠেয় আসন্ন টেস্ট ও ত্রিদেশীয় ওয়ান ডে সিরিজে ওয়েস্ট উইন্ডিজের পক্ষ থেকে দ্বিতীয় সারির দল পাঠানোর সিদ্ধান্তের ব্যাপারে হতাশা ব্যক্ত করেছে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড। ত্রিদেশীয় সিরিজে অপর দলটি হচ্ছে ভারত।
শ্রীলঙ্কান অর্ন্তবর্তীকালীন ক্রিকেট বোর্ড চেয়ারম্যান জয়ন্ত ধর্মদাসা বলেন, ‘আমরা হতাশ হয়েছি। কিন্তু আসল কথা হচ্ছে এটা তাদের নিজস্ব বিষয় এবং এতে আমাদের কিছুই করার নেই।’
রোববার ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল কলম্বো ও ক্যান্ডিতে টেস্ট ম্যাচ খেলার জন্য শ্রীলঙ্কায় পৌছাঁবে। এরপর ভারত ৩০ জুলাই থেকে ৯ আগস্ট পর্যন্ত অনুষ্ঠেয় ত্রিদেশীয় ওয়ান ডে সিরিজে অংশ গ্রহণের জন্য শ্রীলঙ্কা যাবে।
স্পন্সরের ব্যাপারে ক্রিকেটারদের সাথে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের দ্বন্দ্বের কারণে বৃহস্পতিবার ঘোষিত দলে জায়গা হয়নি ক্যারিবিয়ান মূল ব্যাটসম্যান ব্রায়ান লারা, ক্রিস গেইল এবং রামনরেশ সারওয়ানের।
শ্রীলঙ্কা সফরে ওয়েস্ট ইন্ডিজ দলের অধিনায়কত্ব করবেন শিবনারায়ণ চন্দরপল। সফরে ওয়েস্ট ইন্ডিজ দলের আটজনেরও বেশি ক্রিকেটার বর্তমান ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের হয়ে খেলছে। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
ধর্মদাসা আরও বলেন, ‘আমরা সিরিজ মুলতবি করার চেষ্টা করেছিলাম। কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেটের ব্যস্ত সময়সূচীর কারণে তা সম্ভব হয়নি।’
