বালাকের যাদুকরি গোলে জার্মান কনফেডারেশন কাপে তৃতীয়
কনফেডারেশন কাপ ফুটবল টুর্নামেন্টে তৃতীয় স্থান নির্ধারনী খেলায় অতিরিক্ত সময়ে জার্মান অধিনায়ক মাইকেল বালাকের চমৎকার ফ্রি-কিকের মাধ্যমে অর্জিত গোলে মেক্সিকোর বিরুদ্ধে জয় পেয়েছে স্বাগতিক জার্মানি। ম্যাচের ফলাফল জার্মানি ৪-মেক্সিকো ৩।
ম্যাচে মেক্সিকো তিনবার পিছিয়ে থেকেও সমতা ফিরিয়ে আনে। কিন্তু অতিরিক্ত সময়ের ৯৭ মিনিটের মাথায় বালাক ফ্রি-কিকের মাধ্যেমে গোল করে দলকে জয় এনে দেন।
খেলার প্রথম থেকেই জার্মানি এবং মেক্সিকো একে অপরকে চাপের মধ্যে রাখে, যার ধারাবাহিকতায় জার্মানি তিনবার এগিয়ে যাওয়ার সুযোগ পায়। তবে নির্ধারিত সময়েই জার্মানির গোল সংখ্যা ৪ হতে পারতো যদি শেষ মিনিটে লুইস পিরিজের মাপা শট গোল পোস্টের সামান্য বাইরে দিয়ে চলে না যেত।
ম্যাচের ৫৪ মিনিটের মাথায় জার্মান স্ট্রাইকার মাইক হ্যাঙ্ককে রেফারি লাল কার্ড দেখান।
মাইক হ্যাঙ্ক মেক্সিকান কার্লোস সালসিডোকে ইচ্ছাকৃতভাবে ফাউল করলে রেফারি তাকে লাল কার্ড দেখিয়ে মাঠের বাইরে বের করে দেন।
ম্যাচ শুরু হওয়ার ৩৭ ও ৪১ মিনিটের মাথায় জার্মান লুকাস পোডোলস্কি ও বাস্তিয়ান শোয়েনস্টিগার জার্মানিকে ২-১ গোলে এগিয়ে নিয়ে যান। তবে মেক্সিকান জারড বরজিটি ৫৪ মিনিটের মাথায খেলায় সমতা ফিরিয়ে আনেন।
এরপর বর্রাট হার্চ ৭৯ মিনিটের মাথায় তৃতীয়বারের মত জার্মানিকে এগিয়ে নিয়ে যায়। কিন্তু ছয় মিনিটের মধ্যেই বরজিটি খেলায় সমতা ফিরিয়ে আনেন।
তবে সব হিসাব-নিকাশ পরিবর্তন হয়ে যায় অতিরিক্ত সময়ে মাইকেল বালাকের গোলে, যা এই টুর্নামেন্টে তার চতুর্থ গোল। বাকি গোলগুলো তিনি পেনাল্টি থেকে পেয়েছেন। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
মেক্সিকো সেমি ফাইনালে ১২০ মিনিট লড়াই করে অলিম্পিক চ্যাম্পিয়ন আর্জেন্টিনার কাছে পরাজিত হয়। তবে গ্রুপ পর্বের ম্যাচে ব্রাজিলকে মেক্সিকো ১-০ গোল ব্যবধানে পরাজিত করে।
