২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশব্যাপী বয়স ভিত্তিক প্রশিক্ষণ শিবির আয়োজন করতে যাচ্ছে ফুটবল ফেডারেশন

বাংলাদেশ ফুটবল ফেডারেশন দেশজুড়ে বয়স ভিত্তিক ফুটবল প্রশিক্ষণ শিবিরের আয়োজন করতে যাচ্ছে। ছয় মাসব্যাপী এই প্রশিক্ষণ শিবিরে ১২ থেকে ১৪ বছর বয়সী বালকদের প্রশিক্ষণ দেয়া হবে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2005, 08:43 PM

Updated : 26 Apr 2022, 05:49 PM

২০ জেলায় ১৫ জুলাই থেকে শুরু হতে যাওয়া প্রশিক্ষণ শিবির পরিচালনা করবেন এএফসির ‘সি’ ক্যাটাগরির দশজন কোচ।

প্রশিক্ষণ শিবিরের চেয়ারম্যান গোলাম রসুল মোল্লা বুধবার জানান, মঙ্গলবার দশজন কোচের নাম চুড়ান্ত করা হয়েছে এবং প্রাথমিকভাবে প্রশিক্ষণ শিবিরের জন্য ২০টি জেলা বাছাই করা হয়েছে। এই জেলাগুলোর প্রশিক্ষণ শিবির শেষ হওয়ার পর ক্রমান্বয়ে অন্য জেলাগুলোতেও এই প্রশিক্ষণ শিবির পরিচালনা করা হবে।

নির্বাচিত কোচদের প্রত্যেককে ৭৫০০ টাকা মাসিক বেতন প্রদান করা হবে। একজন কোচ দু’টি জেলার খেলোয়াড়দের নিয়ে কাজ করবেন এবং প্রতিটি জেলা ক্রীড়া সংস্থা প্রশিক্ষণের জন্য ২৫ জন করে খেলোয়াড় বাছাই করবে। প্রশিক্ষণ চলবে সপ্তাহে দুই দিন।

নির্বাচিত কোচরা হচ্ছেন-রিয়াজউদ্দিন, আলতাফুল হক, আহসানুজ্জামান, মাহবুবুর রহমান, দীপক চন্দ্র নাথ, নুরুল হক মানিক, মোহাম্মদ মালা, আব্দুল মঈন, মাহমুদ আলম এবং আরিফুর রহমান।

প্রশিক্ষণ শিবিরের জন্য প্রাথমিকভাবে নির্বাচিত জেলাগুলো হচ্ছে-নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, জামালপুর, ফরিদপুর, মেহেরপুর, চুয়াডাঙ্গা, বরিশাল, ভোলা, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, রাঙামাটি, মৌলভীবাজার, রাজশাহী, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, গাইবান্ধা ও নড়াইল।