প্রিমিয়ার ফুটবলে দিপালীর প্রথম পয়েন্ট লাভ
প্রিমিয়ার ব্যাংক প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগে বুধবার পয়েন্ট টেবিলের দুই দুর্বল দল ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব ও দিপালী যুব সংঘের মধ্যেকার ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। এই ড্রয়ের ফলে লিগে প্রথম পয়েন্টের মুখ দেখেছে নবাগত দিপালী যুব সংঘ।
সাত ম্যাচে দিপালীর পয়েন্ট এক, অন্যদিকে সমসংখ্যক ম্যাচে ওয়ান্ডারার্সের পয়েন্ট তিন।
৮১ মিনিটে ওয়ান্ডারার্সের ডিফেন্সের দুর্বলতার সুযোগে প্রথম গোল করেন দিপালীর উগান্ডার স্ট্রাইকার ইদ্রিস। পাঁচ মিনিট পর ওয়ান্ডারার্সের পক্ষে সমতা ফেরান নাইজেরিয়ান রিক্রুট প্যাটট্রিক।
এদিকে অনিবার্য কারণবশত ৩০ জুন আবাহনী লিমিটেড ও শেখ রাসেল ক্রীড়া চক্রের মধ্যেকার ম্যাচটি একদিন পিছিয়ে দেয়া হয়েছে। ম্যাচটি ১ জুলাই অনুষ্ঠিত হবে।
