২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেস্টে বাংলাদেশের অবনমনের ব্যাপারে সমালোচকদের কথা শুনতে পারে আইসিসি

টেস্ট পরিবারের দুই দুর্বল সদস্য বাংলাদেশ ও জিম্বাবুয়েকে টেস্টের দ্বিতীয় বিভাগে নামিয়ে দেয়া উচিত কি না এ ব্যাপারে আলোচনার সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2005, 06:15 PM

Updated : 26 Apr 2022, 05:49 PM

আগামী আগষ্ট মাসে দুবাইতে আইসিসির এক সভায় এ ব্যাপারে বিস্তারিত আলোচনা হবে। এছাড়া আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশীপে প্রতিটি টেস্ট দল যে হোম এন্ড অ্যাওয়ে ভিত্তিতে একে অন্যের সাথে লড়বে সেটা ছয় বছর না পাঁচ বছরব্যাপী হবে সে ব্যাপারেও সিদ্ধান্ত নেয়া হবে এই সভায়।

দুবাইয়ের সভায় যদি টেস্টে বাংলাদেশের অবনমনের ব্যাপারে সিদ্ধান্ত গৃহিত হয় তাহলে সবচেয়ে বেশি লাভবান হবে ইংল্যান্ড আর অস্ট্রেলিয়ার মত শক্তিধর টেস্ট দেশগুলো, কারণ টেস্ট আঙ্গিনা থেকে বাংলাদেশকে সরিয়ে দেয়ার বিষয়ে এই দু’টি দেশের আগ্রহই বেশি। এ দু’টি দেশ ২০১১ সালের মধ্যে বাংলাদেশের সাথে আর কোনও হোম সিরিজে অংশ নেবেনা বলে ইঙ্গিত দিয়েছে।

অন্যদিকে মানবাধিকার পরিস্থিতি খারাপ হওয়ায় জিম্বাবুয়ের ব্যাপারে বিতর্ক ক্রমশই বেড়ে চলেছে। প্রেসিডেন্ট রবার্ট মুগাবে সরকারের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক থাকায় জিম্বাবুয়ে ক্রিকেট ইউনিয়নকে আইসিসি থেকে বাদ দেয়ার দাবি জানিয়েছে নিউজিল্যান্ড সরকার। তবে কোনও দেশের রাজনৈতিক ব্যাপারে জড়িয়ে না পড়ার সিদ্ধান্তের মধ্য দিয়ে মঙ্গলবার লর্ডসে আইসিসির সভা সমাপ্ত হয়েছে।

উল্টো জিম্বাবুয়ের অবস্থাকে শক্তিশালী করার জন্য একটি টুর্নামেন্ট আয়োজনের ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। নবগঠিত আফ্রো-এশিয়ান ক্রিকেট কো-অপারেশনের ব্যবস্থাপনায় আগষ্টে তিন ম্যাচের একটি ওয়ানডে সিরিজে অংশ নেবে আফ্রিকা ও এশিয়া।