ইংলিশ নিরাপত্তা বিশেষজ্ঞ করাচি স্টেডিয়াম পরিদর্শন করেছেন
আগামী অক্টোবরে ইংল্যান্ড ক্রিকেট দলের পাকিস্তান সফরের লক্ষ্যে করাচি জাতীয় স্টেডিয়ামের সুযোগ-সুবিধা ও নিরাপত্তা ব্যাবস্থা খতিয়ে দেখতে ইংল্যান্ডের দুইজন নিরাপত্তা বিশেষজ্ঞ তিন দিনের পাকিস্তন সফরের প্রথম দিন অতিবাহিত করেছেন।
করাচি পাকিস্তানের সবচেয়ে ঝুঁকিপূর্ণ ক্রিকেট ভেন্যু। ইংল্যান্ড দল সফরে তিনটি টেস্ট এবং পাঁচটি ওয়ান ডে ম্যাচ খেলবে, যার মধ্যে একটি টেস্ট বা একটি ওয়ান ডে ম্যাচ করাচিতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ডের নির্ধারিত ‘অলিভার’ নামক একটি নিরাপত্তা প্রতিষ্ঠানের পক্ষ থেকে ইংরেজ বিশেষজ্ঞ এন্ডি অলম্যান এবং ডগলাস ডিক মাঠটি পরিদর্শন করেন। তারা স্থানীয় পুলিশ এবং সেনাবাহিনীর সাথেও আলোচনা করেন।
সিন্ধু প্রদেশের স্বরাষ্ট্র সচিব গুলাম মোহাম্মদ বলেন, কম্পিউটারের এই যুগে শহরের পরিবেশ সম্পর্কে কোনও কিছু লুকানোর সুযোগ নেই।
তিনি আরও বলেন, আমরা নিরাপত্তার ব্যাপারে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের দু’জন বিশেষজ্ঞের বিভিন্ন প্রশ্নের জবাব দিয়েছি।
বিশেষজ্ঞরা অন্য ভেন্যুগুলোও পরিদর্শন করবেন এবং ইসিবি’র কাছে রিপোট পেশ করার আগে স্থানীয় পুলিশ ও নিরাপত্তা কর্মকর্তাদের সাথে আরও আলোচনা করবেন।
