ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ উইকেটে হেরেছে বাংলাদেশ
হেডিংলিতে ন্যাটওয়েস্ট সিরিজে রোববার ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ উইকেটে হেরেছে বাংলাদেশ। তবে হারলেও ম্যাচে বাংলাদেশের কিছু প্রাপ্তিও রয়েছে। এরমধ্যে জাভেদ ওমরের ৮১, খালেদ মাসুদের ৪২ রান, পুরো ৫০ ওভার খেলা, ইংলিশদের পাঁচ উইকেট ফেলে দেয়া এবং সব উইকেট না খোয়ানো উল্লেখযোগ্য।
বাংলাদেশ ওপেনার জাভেদ ওমর, মিডল অর্ডারে তুষার ইমরান এবং খালেদ মাসুদের দৃঢ়তায় পুরো ৫০ ওভার খেলে সাত উইকেটে ২০৮ রানের সম্মানজনক স্কোর গড়তে সক্ষম হয়।
সকালে টসে জিতে বাংলাদেশ প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। দুই ওপেনার জাভেদ ওমর এবং শাহরিয়ার নাফিস মোটামুটি ভালোভাবেই সূচনা করেছিলেন। কিন্তু স্কোর বোর্ডে ২২ রান উঠতেই ফিরে যান আগের ম্যাচে ৪৭ রান করা শাহরিয়ার নাফিস। অন্যদিকে জাভেদ স্বাভাবসুলভ ধীরগতির ব্যাটিং করে যান। ওয়ান ডাউনে তুষার ইমরানকে সাথে নিয়ে জাভেদ দলীয় রান ৯২ এ নিয়ে যান। তুষার ৩৪ বলে চারটি চারের সহায়তায় ৩২ রান করে ফ্লিনটফের বলে বোল্ড হন।
পর পর তিন ম্যাচে ধারাবাহিকভাবে রান পাওয়া নির্ভরযোগ্য মোহাম্মদ আশরাফুল এ ম্যাচে ইংলিশ বোলাদের উপর চড়াও হওয়ার আগেই ফ্লিনটফের প্রথম বলেই ট্রেসকোথিকের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন। এরপর অধিনায়ক হাবিবুল বাশার ১০ রান করেই প্যাভিলিয়নে ফেরার জন্য অস্থির হয়ে উঠেন। কলিংউডের দুর্দান্ত একটি থ্রোতে রান আউট হয়ে সাজঘরে ফেরেন বাশার। দলীয় রান তখন চার উইকেটে ১১২।
এক প্রান্তে ব্যাটসম্যানরা আসা যাওয়ায় ব্যস্ত থাকলেও অন্যপ্রান্তে তখনও মাটি কামড়ে লড়ে যাচ্ছিলেন জাভেদ। এক-দুই করে এগুতে থাকেন জাভেদ। আফতাব আহমেদও বেশিক্ষণ ক্রিজে স্থায়ী হতে পারেননি। ১৫ রান করে জাইলসের শিকারে পরিণত হন আফতাব। দলীয় ১৮৩ রানে জাভেদেরও ধৈর্যচ্যুতি ঘটে। ৮১ রান করে ফ্লিনটফকে নিজের উইকেটটি দিয়ে ফিরে যান জাভেদ। ১৫০ বলে সাজানো জাভেদের ইনিংসে বাউন্ডারি ছিল মাত্র পাঁচটি। জাভেদ আরেকটি ব্যাপার বাংলাদেশের ব্যাটসম্যানদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছেন, সেটা হলো কিভাবে দলের বিপর্যয়ের সময় উইকেটের একপ্রান্ত আগলে খেলতে হয়। বাংলাদেশের মিডল অর্ডার ব্যাটসম্যানরা ঠিক এই জায়গাটিতেই ব্যর্থ হয়েছেন।
শেষদিকে উইকেট রক্ষক খালেদ মাসুদ কিছুটা হলেও ইংলিশ বোলারদের শাসন করার চেষ্টা করেছেন। কিন্তু হলে কি হবে, সেসময় তাকে সঙ্গ দেয়ার মত কোন ব্যাটসম্যান আর বাংলাদেশের ভান্ডারে ছিলনা। মাসুদ ৪৩ বলে চারটি চারের সাহায্যে ৪২ রান করে অপরাজিত থেকে যান।
ইংলিশ বোলারদের মধ্যে অ্যান্ড্রু ফ্লিনটফ নয় ওভার বল করে মাত্র ২৯ রান খরচায় চার উইকেট নিয়ে ছিলেন সফল বোলার। এছাড়া জোন্স ও জাইলস একটি করে উইকেট দখল করেন।
২০৯ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে ইংল্যান্ডের ওপেনিং জুটি ১৬ ওভারেই ৯৯ রান তুলে নেয়। বাংলাদেশের বোলারদের সব আক্রমন ভোঁতা করে দিয়ে ট্রেসকোথিক আর স্ট্রস এই স্কোর করেন। এই ৯৯ রানেই মাঞ্জারুল ইসলাম রানার বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফিরে যান ট্রেসকোথিক। তবে যাওয়ার আগে তিনটি ছয় এবং দু’টি বিশাল ছক্কার সাহায্যে ৪৩ রান করে যান।
আরেক ওপেনার অ্যান্ড্রু স্ট্রস জয়ের জন্য এক রান বাকি থাকতে ৯৮ রান করে বাংলাদেশের সফল বোলার রানার বলে বোল্ড হন। ৩৮ দশমিক ৫ ওভারেই জেয় তুলে নেয় ইংলিশরা।
মাঞ্জারুল ইসলাম রানা ৫৭ রানের বিনিময়ে তিনটি এবং মোহাম্মদ রফিক ৪৪ রান দিয়ে দুই উইকেট লাভ করেন।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ-২০৮/৭, ৫০ ওভার (জাভেদ ওমর ৮১, তুষার ইমরান ৩২, খালেদ মাসুদ ৪২, ফ্লিনটফ ৪/২৯)।
ইংল্যান্ড-২০৯/৫, ৩৮ দশমিক ৫ ওভার (ট্রেসকোথিক ৪৩, স্ট্রস ৯৮, ফ্লিনটফ ২২, পিটারসন ২৩, মাঞ্জারুল ৩/৫৭, রফিক ২/৪৪)।
ফলাফল: ইংল্যান্ড পাঁচ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ : অ্যান্ড্রু স্ট্রস।
